প্রতিবাদী কবিতায় তনু হত্যার বিচার দাবি
প্রতিবাদী কবিতায় কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা।
মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিবাদী অনুষ্ঠান থেকে এই দাবি জানান তারা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্বঘোষিত পাঁচ দিনব্যাপী কর্মসূচির প্রথমদিনে ছিল পরিষদের এই আয়োজন। পর্যায়ক্রমে পথনাটক, গণসঙ্গীত ও গানের মাধ্যমে এই কর্মসূচি পালন করবে সাংস্কৃতিক জোটের বিভিন্ন সংগঠন।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের মধ্যে ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারীর মেয়ে তনুর লাশ পাওয়ার পর ধর্ষণের পর খুনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।
সেনানিবাসের মধ্যে এই তরুণী খুন নিয়ে দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের মধ্যে ময়নাতদন্তকারী চিকিৎসকরা ধর্ষণের প্রমাণ না পাওয়ার কথা জানান। তবে আদালতের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে, যার প্রতিবেদন ১৭ দিনেও আসেনি।
এদিকে ঘটনার প্রায় মাস পার হতে চললেও তনুকে কে বা কারা, কেন খুন করেছে, তা বের করতে পারেনি পুলিশ।
এক মাসেও তনু হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনা অগ্রগতি না হওয়ায় সাংস্কৃতিক জোটের প্রতিবাদী কর্মসূচির প্রথম দিনের আলোচনা পর্বে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
আলোচনার ফাঁকে ফাঁকে ও শেষে চলে বিভিন্ন আবৃত্তিকার ও আবৃত্তি সংগঠনের কবিতা পরিবেশন। কবি মুহাম্মদ সামাদসহ কয়েকজন বক্তা বক্তব্যের মাঝেও কবিতা পড়ে শোনান।
গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর বলেন, “আমরা সংস্কৃতিকর্মীরা সব সময় মাঠে ছিলাম। আজ মনে পড়ছে ইয়াসমিন, পূর্ণিমাসহ নানা ঘটনায় আমার গণসঙ্গীতের কথা।”
এরপর তিনি গেয়ে শোনান গণসঙ্গীত ‘প্রায় প্রতিদিন কতই তনু যে হচ্ছে দেখ লাঞ্ছিত/হয় বিচার কত তনুর, বিচার তবে নয় কি বঞ্ছিত?”
বক্তব্য দিতে এসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবৃত্তিকার আশরাফ উল আলম পড়ে শোনান আবিদ আজাদের কবিতা ‘তারা ও মানুষ’।
তিনি বলেন, “আমাদেরকে তনু হত্যার বিচার দাবিতে কবিতা পড়তে হবে। সেইসঙ্গে এমন কবিতাও পড়তে হবে যেটা আমাদের বোন তনুকেও . . . রাত্রিকালে একা থাকার সময়েও আমার সামনে প্রতিবাদের মুখ হিসাবে হাজির করবে।”
আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম আবৃত্তি করেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র কবিতা ‘আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি’।
বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বলেন, “বর্তমান সরকার বিচারিক সংস্কৃতি চালু করেছে, যা রাজনৈতিক হত্যাকাণ্ডের ক্ষেত্রে যতটা দেখা গিয়েছে- সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের বিষয়ে দেখা যাচ্ছে না।
“তনু হত্যার বিচারের দীর্ঘসূত্রিতা হচ্ছে। দীর্ঘসূত্রিতা হলে আন্দোলনও দীর্ঘ হবে। যতদিন তনু হত্যার তদন্তে দৃশ্যমান অগ্রগতি হবে না, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব।”
সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “আমরা তনু হত্যাকাণ্ডের প্রকৃত সত্যটা জানতে চাই। হত্যাকাণ্ডের বিচার চাই, এর বেশি আমরা আর কিছু চাই না। এ সরকারের মেরুদণ্ড এত দুর্বল না যে, তারা হত্যাকারীকে ভয় পাবে।”
২৩ এপ্রিল জোটের সমাবেশ শেষে তনু হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বালন করা হবে বলে জানান তিনি।
আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ইস্তেকবাল হাসানের সভাপতিত্বে আলোচনা পর্বে পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ্, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা এবং সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফও বক্তব্য দেন।
এছাড়া অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করে বহ্নিশিখা ও স্ব-ভূমি। বহ্নিশিখার শিল্পীরা গেয়ে শোনান ‘আজ যত যুদ্ধবাজ’ ও ‘শুভ্র সুনীল আকাশে পাখিরা উড়ছে’।
একক আবৃত্তি পরিবেশন করে ফয়জুল আলম পাপ্পু, মাসুম আজিজুল বাসার, ফখরুল ইসলাম তারা, আহসান উল্লাহ তমাল, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, রেজিনী ওয়ালি লিনা, মাসুদুজ্জামান, এনামুল হক, তামান্না তিথি, সুপ্রভা সেবতী, শিরিন ইসলাম, সাবিরা মাহবুব জনি ও কাজী বুশরা আহমেদ তিথি।
দলীয় আবৃত্তি পরিবেশন করে কথা আবৃত্তি চর্চাকেন্দ্র, স্বরশ্রুতি, মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্র, স্বরব্যঞ্জন, ত্রিলোক, স্বরচিত্র, মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র, দৃষ্টি এবং সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র।
