২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপরিকল্পনায় প্রবৃদ্ধি সাতের ঘরে: প্রধানমন্ত্রী

দায়বদ্ধতা থেকে পরিকল্পনা মাফিক এগোনোর ফলেই অর্থনৈতিক প্রবৃদ্ধি সাত শতাংশে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 09:21 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন।

বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে ২০০৯ সালে ক্ষমতা নিয়ে গত ছয় বছরে ছয় শতাংশের উপর প্রবৃদ্ধি ধরে রাখার তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এখন সাত ভাগে চলে এসেছি। অনেকে মনে করে এটা বিস্ময়। আমি বলি এটা বিস্ময় না। এটা হয়েছে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা, পরিকল্পনা মাফিক পদক্ষেপ নেওয়ার ফলে।”

জণগনের প্রতি একটা ‘কর্তব্যবোধ’ এবং তাদের জন্য নেওয়া পদক্ষেপগুলোর ‘সুফল’ আজকে দেশের মানুষ পাচ্ছে বলেও জানান তিনি।

অর্থবছরের প্রথম নয় মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চলতি বছর ডিজিপি প্রবৃদ্ধি সাত শতাংশ ছাড়িয়ে যাওয়ার প্রাক্কলন করছে পরিকল্পনা মন্ত্রণালয়।

শেখ হাসিনা বলেন, “শুধু খাদ্য উৎপাদনই বৃদ্ধি নয়, তা প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানিও করা হবে। খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

বক্তব্যে দেশে গবেষণা খাতকে শক্তিশালী ও নানা ধরনের নীতি সহায়তা দেওয়ার কারণে ধানের পাশাপাশি মাছ, সবজি, ফলসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির তথ্যও তুলে ধরেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী দেশের খাদ্য নিরাপত্তা সৃষ্টিতে তার সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তার নেতৃত্বাধীন সরকার ‘জাতির জনকের দেখানো পথেই চলছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “খাদ্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। খাদ্য নিরাপত্তা তৈরি করতে হলে কৃষকদের সবসময় গুরুত্ব দিতে হবে; যেটা জাতির জনক সবসময় করতেন।”

১৯৭৫ সালে জাতির জনককে হত্যার পর ২১ বছর এদেশের ‘সাধারণ মানুষ’ তাদের ভাগ্য পরিবর্তনের সুযোগ পায়নি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “সেসময় যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে এসেছিল।”

‘ওই সময় কৃষকদের ভাগ্য নিয়ে খেলা করাই শাসকদের কাজ ছিল’ মন্তব্য করে তিনি বলেন, কৃষি উপকরণ ছিল ধরা-ছোঁয়ার বাইরে, কৃষককে ভর্তুকি সহায়তা দেওয়া হত না।

বিএনপির সময় সারের দাবিতে আন্দোলনরত ১৮ জন কৃষককে গুলি করে হত্যার ঘটনাও বক্তব্যে উল্লেখ করেন শেখ হাসিনা।

দুর্বল অর্থনীতির কারণে বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের পরিচয়ও সেরকমই হয়ে গিয়েছিল। বাংলাদেশ শুনলেই বন্যা, খরা, জলোচ্ছাস, প্রাকৃতিক দুর্যোগের দেশ। আর ক্ষুধা দারিদ্র্যের দেশ।”

শেখ হাসিনা বলেন, “সেজন্য একটা জেদ চেপে গিয়েছিল যে, বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি। আমরা বিজয়ী জাতি। কারো কাছে হাত পেতে আমরা চলব না। কারো কাছে মাথা নত করে আমরা চলব না।”

এ লক্ষ্যেই তার নেতৃত্ব ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে খাদ্য উৎপাদন বাড়াতে নানা ধরনের পরিকল্পনা ও কর্মসূচি হাতে নেওয়া হয় বলে জানান তিনি।

ওইসময় অনেক আন্তর্জাতিক সংস্থার ‘বাধার’ মধ্যে কৃষিতে ভর্তুকি দেওয়া হয় এবং কৃষককে বিনা সুদে ঋণ দেওয়া এবং কৃষি গবেষণায় অর্থায়ন করাসহ নানা কর্মসূচির বাস্তবায়নের করা হয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

“সেই প্রথম দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়।”

শেখ হাসিনা বলেন, তার নেতৃত্বাধীন সরকার যত পদক্ষেপ নিয়েছে তার সবই কৃষিবান্ধব।

দেশ খাদ্যে স্বয়সম্পূর্ণ হলে ‘বিদেশ থেকে ঋণ’ পাওয়া যাবে না-বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় এমন নীতিরও সমালোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “যে মাটি ‘এত উর্বর’ সেখানে খাদ্যের জন্য অন্যের কাছে ‘সাহায্য’ চাইতে হবে কেন?”

২০০৯ সালে ক্ষমতায় এসে এক কোটি কৃষককে১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ভর্তুকি অব্যাহত রাখা, ২ কোটি কৃষককে কৃষি উপকরণ বিতরণের জন্য কার্ড দেওয়ার তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এরফলে দেশে খা্দ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং বিদেশ থেকে খাদ্য কেনার চাপ কমায় বৈদেশিখ মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।

শেখ হাসিনা এসময় শিক্ষার্থীদের কৃষির প্রতি আগ্রহী করে তোলার প্রতি আহ্বান এবং তাদের মাঠে নিয়েও যাওয়ার ওপড়ও গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী কৃষকের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন কৃষক লীগকে ‘অত্যন্ত শক্তিশালী’ করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম প্রমুখ।