রাজধানীতে রেললাইনে ব্যবসায়ীর লাশ
রাজধানীর তেজগাঁওয়ে রেললাইন থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত খলিলুর রহমান (৪০) কারওয়ানবাজার থেকে মুরগি কিনে বিভিন্ন হোটেলে সরবরাহ করতেন বলে স্বজনদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।
তার বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে ঢাকা রেলওয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মের কাছে রেললাইনে খলিলুরের মৃতদেহ পাওয়া যায়।
“দুর্বৃত্তরা খলিলকে অন্য কোথাও হত্যার পর লাশ রেললাইনে রেখে গেছে বলে আমরা মনে করছি।”
রাতে পরিচয় না মিললেও সকালে স্বজনরা খলিলুলের লাশ শনাক্ত করেন বলে জানান এসআই সিরাজুল।
খলিলের বাড়ি নরসিংদীর মনোহরদীতে।
