২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশ আহত

রাজধানীর তাঁতীবাজারে ছিনতাইকারী ধরতে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের এক সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 04:02 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

গুলিবিদ্ধ মাহবুবুর রহমান (৩০) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) এসআই হিসেবে কর্মরত।

মঙ্গলবার দুপুরে তাঁতীবাজার মোড়ে ব্যাংক এশিয়ার সামনে এ ঘটনা ঘটে বলে ডিএমপির গোয়েন্দা শাখার উপ-কমিশনার (পূর্ব) মাহবুব আলম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মাহবুবুরের ডান হাঁটুর নিচে গুলি লেগেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে মাহবুব বলেন, মঙ্গলবার ভোরে পুরান ঢাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে সহযোগীদের গ্রেপ্তারের জন্য দুপুরে তাদের নিয়ে তাঁতীবাজার মোড়ে ব্যাংক এশিয়ার সামনে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ।

“কিন্তু ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এতে মাহবুবের পায়ে গুলি লাগে।”

সন্ত্রাসীরা সংখ্যায় ৫ জনের মতো ছিল জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তায় জনগণ থাকায় ‍পুলিশ পাল্টা গুলি চালাতে পারেনি।