প্যালেস্টাইনের স্বাধীনতায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত
স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ও ফিলিস্তিন জনগণের স্বাধিকারের ন্যায্য আন্দোলনের প্রতি আবারও সমর্থন জানিয়েছে বাংলাদেশ।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সোমবার প্যালেস্টাইন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের আলোচনায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন দেশের অবস্থান ফের তুলে ধরেন।
“প্যালেস্টাইন প্রশ্নে বাংলাদেশের নীতিগত অবস্থানের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া তার বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করে আসছেন।”
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী একটি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে বলিষ্ঠ, গঠনমূলক ও দৃশ্যমান পদক্ষেপ দ্রুত নেওয়ার আহ্বান জানান মাসুদ।
তিনি বলেন, প্যালেস্টাইন ভূখণ্ডে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব ও আগ্রাসন এবং নির্বিচার হত্যা, আটক ও নির্যাতনসহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার লক্ষ্যে নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন সহিংস ও জঙ্গি পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্যালেস্টাইন প্রশ্নের ন্যায্য ও গ্রহণযোগ্য সমাধানের উপর জোর দেন রাষ্ট্রদূত।
নিরাপত্তা পরিষদের সোমবারের আলোচনায় ৫২টি দেশ ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
শুরুতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সফর এবং প্যালেস্টাইন প্রশ্নে বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার বিষয়ে পরিষদকে অবহিত করেন।
বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের বক্তব্যে প্যালেস্টাইন ও ইসরাইলি কর্তৃপক্ষের অংশগ্রহণে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ফের শুরুর বিষয়ে ফরাসি সরকারের সাম্প্রতিক উদ্যোগকে সাধুবাদ জানান।
চলতি বছর জানুয়ারিতে নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলার সভাপতিত্বে প্যালেস্টাইন প্রশ্নে উম্মুক্ত আলোচনার পর এই মাসে চীনের সভাপতিত্বে আবার এই বিষয়ে আলোচনা হল।
