২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোজা আঙুলে ঘি উঠে না: আনিসুল হক

বিক্ষোভ-সংঘর্ষের মাধ্যমে উচ্ছেদ করা অবৈধ ট্রাকস্ট্যান্ডে এখনও ট্রাক পার্কিং করায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 07:17 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সোমবার দুপুরে তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডের ওই এলাকায় একটি অনুষ্ঠানে এসে সেখানকার প্রশস্ত রাস্তা দেখিয়ে তিনি বলেন, “আমরা এলাকার সমস্ত নেতৃবৃন্দ, ট্রাক নেতৃবৃন্দ, এলাকার কাউন্সিলবৃন্দ এত কষ্ট করে একটি রাস্তা গড়ছি, ১০টি রাস্তা গড়েছি। আর চারজন ড্রাইভার এসে রাস্তায় ট্রাক রেখে দেবেন, এটা আর সহ্য করা হবে না।

“এরপর থেকে যেখানে বাস-ট্রাক দাঁড়াবে, রেকার লাগিয়ে দেন। বাস-ট্রাক যেন ১০ দিন ওখান থেকে না উঠতে পারে। মানে হলো, সোজা আঙুলে ঘি উঠে না। অনেক ভদ্রতা আমরা করেছি।”

তেজগাঁও সাতরাস্তা টিএন্ডটি গেইটের সামনে ২৪ নম্বর ওয়ার্ডে নির্মিত দু’টি আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আনিসুল হক।

গত বছরের ২৯ নভেম্বর ওই এলাকা থেকে অবৈধ ট্র্যাকস্ট্যান্ড উঠাতে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়েন মেয়র আনিসুল হকসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টা কার্যত অবরুদ্ধ থাকার পর বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাবের পাহারায় সেখান থেকে ছাড়া পান তারা।

এরপরও সেখানে ট্রাক দাঁড়িয়ে থাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আপনারা কষ্ট করেছেন বলে আজকে এত সুন্দর এই জায়গা। দুই মিনিটে এখান দিয়ে চলে যাওয়া যায়।”

তেজগাঁওয়ের রাস্তা থেকে ট্রাক স্ট্যান্ড সরিয়ে আলাদা বাস-ট্রাক টার্মিনাল করার কাজটিও জায়গার অভাবে আটকে আছে মন্তব্য করে তিনি বলেন, “আমরা জায়গা খুঁজছি। জায়গা পেলে সেটা হয়ে যাবে।”

পুরনো খবর:

৩ ঘণ্টা পর আশ্বাস দিয়ে তেজগাঁও ছাড়লেন আনিসুল