ঢাকার খিলগাঁওয়ে শিশু ধর্ষিত
রাজধানীর খিলগাঁও এলাকায় এক রিকশাচালকের ১১ বছর বয়সের শিশু ধর্ষণের শিকার হয়েছে।
রোববার বিকালে রুবেল নামে স্থানীয় এক যুবক তাকে ধর্ষণ করে বলে পুলিশ জানতে পেরেছে।
শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই রিকশাচালক সাংবাদিকদের জানান, পশ্চিম নন্দিপাড়ার একটি ঘরে স্ত্রী এবং এই শিশু কন্যাকে নিয়ে তিনি ভাড়া থাকেন।
তিনি বলেন, প্রতিদিনের মতো বাসা বাড়িতে কাজের জন্য তার স্ত্রী বেরিয়ে গিয়েছিলেন। অসুস্থতার কারণে তিনি রিকশা নিয়ে বের হননি।
সকাল ১০টার দিকে চা খেতে বাসার পাশের একটি দোকানে যান ওই রিকশাচালক। এক ঘণ্টা পর ফিরে এসেছিলেন।
ওই সময়ই শিশুটি ধর্ষণের স্বীকার হয় জানিয়ে তিনি বলেন, “মেয়েটি আমাকে কিছু বলেনি। দুপুর ২টার দিকে তার মা এলে মেয়ের মুখ দেখে কিছু আঁচ করতে পারে। তখন আমার স্ত্রী জিজ্ঞাসা করলে সে জানায়, রুবেল বাসায় ঢুকে চাকুর ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে।”
এরপর শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে যান তার বাবা-মা। খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশও হাসপাতালে এসে ওই শিশুর সঙ্গে কথা বলে।
থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটি ধর্ষণের কথা বলেছে। স্থানীয় সন্ত্রাসী ডিব্বা রুবেলের কথাও বলেছে সে।”
ধর্ষণের বিষয়ে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ।
“তবে আমরা রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা করছি,” বলেন এসআই মনিরুজ্জামান।
