প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের তেল-গ্যাস প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
প্রতিশ্রুতি অনুযায়ী উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছতে প্রতিবেশী দেশগুলোর আরও সহায়তা দেখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে রোববার সন্ধ্যায় তার সরকারি বাসভবন গণভবনে ভারতের কেন্দ্রীয় তেল ও গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সৌজন্য সাক্ষাতে গেলে তিনি একথা বলেন।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, শেখ হাসিনা এ অঞ্চলের দারিদ্র্য বিমোচনে প্রতিবেশী দেশগুলোর যৌথ সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে পরস্পরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যকার মোটরযান চুক্তি এবং বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের (বিসিআইএম) অর্থনৈতিক করিডর গঠনের কথাও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রসঙ্গ তুলে বলেন, “ইতোমধ্যেই গঙ্গা পানি বণ্টন এবং স্থলসীমান্ত সমস্যার সমাধান করেছি। এখন আমরা কানেকটিভিটি শক্তিশালী করার কাজ করছি।”
দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা এসব অর্থনৈতিক অঞ্চলে প্রতিবেশী দেশগুলোর বিনিয়োগ প্রত্যাশা করেন।
এসময় বাংলাদেশে তেল-গ্যাস সরবরাহ করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও ইন্ডিয়ান অয়েল করপোরেশন যৌথ উদ্যোগে চট্টগ্রামে একটি এলপি গ্যাস প্ল্যান্ট স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।
ভারতের প্রতিমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও গভীর ও গতিশীল করতে চাচ্ছে।
ঢাকা ও দিল্লির মধ্যে সহযোগিতার বিষয় হিসেবে জ্বালানি খাতকে তিনি ‘কি এরিয়া’ হিসেবে উল্লেখ করে বলেন, উত্তর-পুর্ব দিক থেকে দুই দেশের মধ্যে তেলের পাইপলাইন স্থাপনে ভারত প্রস্তুত রয়েছে।
ভারতের সঙ্গে ভুটান ও শ্রীলঙ্কার মধ্যে এ ধরনের পাইপলাইন রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা প্রমুখ উপস্থিত ছিলেন।
