পঙ্গু হাসপাতালের ১৬ ‘দালালকে’ দণ্ড
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে থেকে ১৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এসব দালাল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে আশপাশের প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যায় এবং বিনিময়ে কমিশনও পায়। তারা মূলত হাসপাতাল বা ক্লিনিকগুলোর এজেন্ট হিসেবে কাজ করে।
মূলত গ্রাম থেকে আসা নিরীহ মানুষ এই চক্রের ফাঁদে পড়ে নিম্নমানের চিকিৎসা নিয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ১৬ দালালকে আটক করে এবং তাদেরকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও সর্বনিম্ন ১০ হাজার টাকা জরিমানা করে।
এই ১৬ জনের মধ্যে মো. মজনু খান ও নাজিম মো. আল-আমিনকে ছয় মাসের কারাদণ্ড; রেজাউল করিম, মো. সুমন, মো. সিদ্দীকি ও মো. মোকাররম হোসেনকে দুই মাসের কারাদণ্ড; মো. আলী ও রুবেল প্রধানকে এক মাসের কারাদণ্ড; শারমিন, রেশমা, শাহানা, রত্না রানী, কল্পনা ও আজিরনকে ১৫ দিনের কারাদণ্ড এবং মরজিনা শারমিনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শহিদুল ইসলাম নামের একজনকে করা হয়েছে ১০ হাজার টাকা জরিমানা।
