শফিক রেহমান গ্রেপ্তার নির্দিষ্ট অভিযোগেই: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাংবাদিকতার জন্য নয়, অপরাধে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য থাকায় শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নীতি কার্যকর করছে।... সংবাদপত্রে চর্চার জন্য, কাজ করার জন্য মাহমুদুর রহমান, শওকত মাহমুদ অথবা শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়নি।
“সুনির্দিষ্ট ও ভিন্ন অপরাধজনিত কাজের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই প্রাথমিক তদন্তে পুলিশ কর্তৃপক্ষ সন্তুষ্ট হওয়ার জন্য প্রাথমিকভাবে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
“সেখানে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ আছে। নির্দোষ হলে সসম্মানে বেরিয়ে আসবেন। এটা সংবাদপত্র, গণমাধ্যম বা আইনের শাসনের সঙ্গে সম্পর্কিত নয়।”
শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে ধরে নিয়ে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতিতে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
অশীতিপর এই সাংবাদিককে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এর মধ্য দিয়ে সরকারের চরম স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটেছে।
গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে আদালতে শফিক রেহমান। ছবি: আসিফ মাহমুদ অভি
তবে বিএনপিঘনিষ্ঠ এই সাংবাদিকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার প্রমাণ আছে বলে দাবি করেছেন সজীব ওয়াজেদ জয়।
যুক্তরাষ্ট্রে তার সম্পর্কে তথ্য পেতে এফবিআই কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অপরাধে এক বিএনপি নেতার ছেলের কারাদণ্ডের মামলা থেকেই ওই সব ‘প্রমাণ’ এসেছে বলে এক ফেইসবুক পোস্টে লিখেছেন তিনি।
বাংলাদেশি এক রাজনীতিকের বিষয়ে যুক্তরাষ্ট্রর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত তথ্য পেতে এফবিআইয়ের এক সদস্যকে ঘুষ দেওয়ায় ২০১৫ সালে রিজভী আহমেদ সিজার (৩৬) নামে একজনকে গত বছর তিন বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। সিজার বিএনপির সহযোগী সংগঠন জাসাসের নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে।
ওই রাজনীতিকের নাম মার্কিন আদালতের নথিপত্রে প্রথমে উহ্য রাখা হলেও প্রসিকিউশনের নথিতে তাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা’ বলা হয়।
সিজারের স্বীকারোক্তির ভিত্তিতে রায়ে বলা হয়, ‘অপহরণ, ভয় দেখানো ও তথ্য ক্ষতি করাই’ ছিল তার তথ্য সংগ্রহের উদ্দেশ্য।
সিজার কিছু তথ্য বাংলাদেশি ‘একজন সাংবাদিককে’ সরবরাহ করেছিলেন এবং বিনিময়ে ‘প্রায় ৩০ হাজার ডলার’ পেয়েছিলেন বলেও রায়ে উল্লেখ করা হয়।
তথ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশে দুই হাজার ৮০০ মুদ্রিত সংবাদপত্রে একজন করে সম্পাদক আছেন।
“এর মধ্যে বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ঘটেছে।”
তিনি বলেন, “সাগর-রুনির বিষয়টি নিষ্পত্তি হয়নি, সে ব্যাপারে আমরা দুঃখিত। তবে মামলাটা বন্ধ করে দেওয়া হয়নি। তদন্ত চালাচ্ছি, আশা করছি সুরাহা হবে।”
