ধানমণ্ডিতে দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু
রাজধানীর ধানমণ্ডিতে ট্রাকের চাকা বদলানোর সময় এক চালক আরেক ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।
নিহত সারোয়ার শেখের (৩৮) গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে। সহকারী জালাল রোববার ভোরে সারোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
জালালের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বলেন, রাত ৩টার দিকে সিমেন্টবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী যাচ্ছিলেন সারোয়ার। কলাবাগানের লাজফার্মার কাছে রাস্তায় ট্রাকের চাকা পাংচার হলে তারা বদলাতে নামেন।
“এ সময় পেছন থেকে অন্য একটি ট্রাক সারোয়ারকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে আনার পর তাকে আর বাঁচানো যায়নি,” বলেন তিনি।
