তামাক আবাদী ১৮ ভাগ জমিতে চাষ কমেছে
গত পাঁচ বছরে দেশে তামাক আবাদী ২২ হাজার ৫৪০ একর তথা শতকরা ১৮ ভাগ জমিতে চাষ কমেছে।
বুধবার জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
একে তামাক বিরোধী ব্যাপক প্রচারের সফলতা বলে মনে করছে সংসদীয় কমিটি। এ অবস্থায় পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষ আরও কমিয়ে আনার প্রতি গুরুত্ব আরোপ করেছে কমিটি।
কমিটির পক্ষ থেকে চাষীদের তামাক চাষের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি বিকল্প চাষের প্রতি আগ্রহী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি মো. মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, “তামাক চাষ কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর। যে কারণে এই চাষ নিরুৎসাহিত করতে আগেই উদ্যোগ নেওয়া হয়েছে।
“এ বিষয়ে দ্রুত ইতিবাচক ফল পেতে তামাক চাষ নিরুৎসাহিত করার পাশাপাশি লাভজনক বিকল্প চাষে কৃষকদের আগ্রহী করে তোলার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে তৈলবীজ উৎপাদনের পক্ষে প্রচার চালানোর সুপারিশ করা হয়েছে।”
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ৫ বছরের তথ্যের আলোকে অঞ্চলভেদে বাংলাদেশে তামাক চাষের বর্তমান পরিস্থিতি ও তামাকচাষ হ্রাসে জনস্বাস্থ্যের জন্য হুমকি নয় এমন বিকল্প চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে কিনা তা পর্যালোচনা করা হয় বৈঠকে ।
বৈঠকে দেশে পর্যাপ্ত পরিমাণ চালের উৎপাদন সত্ত্বেও বিদেশ থেকে চাল আমদানির বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়।
কমিটির পক্ষ থেকে চাল আমদানির আসলেই কোনো প্রয়োজন আছে কিনা খতিয়ে দেখতে বলা হয়েছে।
এছাড়া বাসমতিসহ বেশি দামের চালের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে আমদানি নিরুৎসাহিত করার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, ২০১৪-২০১৫ অর্থবছরে দক্ষিণ অঞ্চলে লবণাক্ত সহিষ্ণু জাতের (ধান, গম) মোট ১ লাখ ৭৯ হাজার ৫৯০ হেক্টর এবং অন্যান্য ফসলের মোট ১৭ হাজার ৮০২ হেক্টর জমির ফসল জাতীয় উৎপাদনের সঙ্গে যোগ হয়েছে।
কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মো. আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম বাবু, মামুনুর রশিদ কিরন, এ কে এম রেজাউল করিম তানসেন, মো. নূরুল ইসলাম ওমর এবং উম্মে কুলসুম স্মৃতি অংশ নেন।
