২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়কদের প্রতিরোধের ডাক

পহেলা বৈশাখের উৎসবে যৌন হয়রানিতে জড়িতদের অধিকাংশই এখনও ধরা-ছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করে এবার নিপীড়কদের প্রতিরোধ করার আহ্বান এসেছে নারী সাংবাদিকদের একটি কর্মসূচি থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 04:12 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেছেন, “নারীদের যৌন হয়রানি সম্পর্কে আর নয় সচেতনতা, এবার প্রতিরোধের সময়।”

বর্ষবরণে যৌন নিপীড়নের বর্ষপূতিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।

নাসিমুন আরা বলেন, “পহেলা বৈশাখ জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমাদের সকলের উৎসব। আমাদের এ উৎসবকে জঙ্গিবাদী ও মৌলবাদীরা নস্যাৎ করার ষড়যন্ত্র করছে।

“আমরা নারী সমাজের পক্ষ থেকে তাদের স্পষ্ট করে বলে দিতে চাই, দেশে পহেলা বৈশাখের উৎসব হবে। কেউ বাধা দিতে পারবে না, যেমন পারেনি ২০০১ সালে রমনা বটমূলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে।”

গত বছর পহেলা বৈশাখে সন্ধ্যার আগে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের ওপর চড়াও হয়। পুলিশের উপস্থিতির মধ্যে ওই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন ছাত্র ও নাগরিক অধিকার সংগঠন।

পরে ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও থেকে আট নিপীড়কের ছবি পাওয়া গেলেও তাদের মধ্যে কেবল একজনকেই এ পর্যন্ত গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

Image
সিসি ক্যামেরায় নিপীড়কের ছবি

সিসি ক্যামেরায় নিপীড়কের ছবি

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাসিমুন আরা বলেন, “এক বছর পার হলেও বর্ষবরণে নারী নিপীড়নকারীদের এখনও বিচারের মুখোমুখি দাঁড় করতে পারেনি।”

ঘটনাটি নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “সরকারের একজন মন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণে নারী নিপীড়নের ঘটনা তেমন কিছু নয়।”

“আপনি যদি এই ধরনের যৌন হয়রানির শিকার হতেন তাহলে কী করতেন,” মন্ত্রীকে প্রশ্ন করেন তিনি।

এই নারী সাংবাদিক বলেন, “দেশের নারী সমাজ এখন আর ঘরে বসে নেই, তারা ঘরের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। বিভিন্নভাবে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

মানববন্ধনে অন্যদের মধ্যে ঢাকা সংবাদিক ইউনিয়নের একাংশের জনকল্যাণ সম্পাদক উম্মুল আরা সুইটি, নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, যুগ্ম সম্পাদক শান্তা মারিয়া, সদস্য নাসরিন শুলতানা, দিলরুবা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

যৌন নিপীড়ন: পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকায় ‘ধিক্কার’
সমালোচনার মুখে নৌমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার
বর্ষবরণে যৌন নিপীড়ন: কামাল রিমান্ডে, পুনরুজ্জীবিত হচ্ছে মামলা