এজিবি কলোনি কাঁচাবাজার সংলগ্ন রাস্তায় দোকান নির্মাণে নিষেধাজ্ঞা
মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার সংলগ্ন রাস্তার (আল হেলাল ও আইডিয়াল জোন) ওপর দোকান নির্মাণের কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ বুধবার রুলসহ অন্তবর্তীকালীন এ আদেশ দেয়।
ওই জায়গায় দোকান বরাদ্দ দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দক্ষিণ সিটি করপোরেশনকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ আট বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘ডিসিসির উচ্ছেদের পর দোকান নির্মাণ’ শিরোনামে ১৮ মার্চ ও ‘সড়ক দখল করে ২০০ দোকান’ শিরোনামে ২৫ মার্চ দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে এনে এই রিট আবেদন করা হয়।
প্রতিবেদনের ভাষ্য অনুসারে, সড়ক দখল করে বসানো মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজর অবৈধ বলে ১৪ মার্চ উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু উচ্ছেদের দুই দিনের মাথায় ওই স্থানে আবার দোকানঘর নির্মাণ শুরু হয়।
মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র নামের একটি সংগঠনকে ঢাকা দক্ষিণ সিটি করপারেশন থেকেই সেখানে দোকান করার অনুমতি দেওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদন দুটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত সপ্তাহে মো. গিয়াস উদ্দিন আহমেদ বাবুলসহ এজিবি কলোনির ১৩ বাসিন্দা রিট আবেদনটি করেন, যা বুধবার শুনানির জন্য ওঠে।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, সঙ্গে ছিলেন ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজীব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
পরে রানজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্ট রুল জারি করে দোকান নির্মাণ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে।
রিট আবেদনকারীরা বলছেন, রাস্তার জায়গা বরাদ্দ দেওয়ার এখতিয়ার সিটি করপোরেশনের নেই। সেখানে অবৈধভাবে দোকান নির্মাণ হলে দুটি স্কুলের শিক্ষার্থী ও কলোনির বাসিন্দাদের চলাচল বাধাগ্রস্ত হবে।
এভাবে রাস্তার জায়গা দখল করে স্থানীয় নেতারা দোকান বরাদ্দের নামে ‘বাণিজ্য করছেন’ বলে অভিযোগ করা হয় রিট আবেদনে।
