জাতীয় তথ্য বাতায়নের যুক্ত হচ্ছে ‘ভয়েস কল’ সুবিধা
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের যে কোনো তথ্য মোবাইল ফোনে কল করে জানার সুযোগ তৈরি হচ্ছে।
জনগণের হাতের মুঠোর সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ বাস্তবায়নে ‘ভয়েজ একসেস’ তৈরির উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম।
মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযো্গ বিভাগে এটুআই ও মোবাইল ফোন অপারেটর রবির মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এটুআই’র প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার এবং রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ এতে সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় তথ্য বাতায়নের ভয়েজ একসেস বাস্তবায়নে এটুআই ও রবি যৌথ উদ্যোগে একটি কল সেন্টার স্থাপন করবে। এর ফলে যে কোনো অপারেটরের গ্রাহকরা ভয়েস কল, এসএমএস, আইভিআর, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ই-মেইল ব্যবহার করে জাতীয় তথ্য বাতায়নের সব তথ্য পাবেন।
কবির বিন আনোয়ার বলেন, “আমরা শেকড় থেকে উপরে আসতে চাই। সেজন্য প্রথম উদ্যোগ হিসেবে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার করা হয়েছে।
“এ সব সেবা সহজ করা ও মানুষের কাছে পৌঁছানোর কাজ সরকার একা করতে পারে না। এজন্য পিপিপির (সরকারি বেসরকারি অংশীদারিত্ব) কার্যকর প্রয়োগের মাধ্যমে আমরা মোবাইল ফোন কোম্পানিগুলোর সঙ্গে এমওইউ করছি।”
ভয়েস কলের ক্ষেত্রে বিদ্যমান চার্জ কাটা হবে জানিয়ে রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জানান।
“ফ্রি হলে ভালো সেবা হয় না, নরমাল কলের মত খরচ হবে। পাঁচ ডিজিটের একটি শটকোড থাকবে। সেখানে ফোন করে তথ্য পাওয়া যাবে। শিগগিরই আমরা বিটিআরসি’র কাছ থেকে এ শর্টকোডটি পেয়ে যাব। তখন এটি সবাইকে জানানো হবে।”
রবির কোম্পানি সেক্রেটারি শাহেদুল আলম বলেন, বাংলাদেশের ৪০ শতাংশ জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করে। এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে বাকি ৬০ শতাংশ জনগণকে কানেকটিভিটির মধ্যে নিয়ে আসা।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় তথ্য বাতায়নে ২৫ হাজারের বেশি ওয়েবসাইট যুক্ত রয়েছে, যার মাধ্যমে ৬১টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৫১টি অধিদপ্তর ও অন্যান্য অফিস, ৮টি বিভাগ, ৬৪টি জেলা, ৪৮৯টি উপজেলা, ৪ হাজার ৫৫০টি ইউনিয়নের সব সরকারি অফিসসহ ৪৩ হাজারেরও বেশি সরকারি অফিসের কার্যক্রমের তথ্য বিস্তারিতভাবে পাওয়া যায়।
এটুআই’র পক্ষ থেকে জানানো হয়, জাতীয় তথ্য বাতায়নে ৪০০ সরকারি সেবা প্রাপ্তির বিস্তারিত বিবরণ ও এক হাজার ৪০০ এর বেশি সরকারি ফরম রয়েছে।
