পায়রা সেতু নির্মাণে চুক্তি সই
বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে পায়রা সেতু (লেবুখালী) নির্মাণে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।
মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং চীনের লংজেইন রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড চেয়ারম্যান শ্যাং ইয়্যুনলং চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক কামরুল হাসান জানান, চুক্তি অনুযায়ী ৩৩ মাসের মধ্যে এক হাজার ৪৭০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করতে হবে।
প্রকল্পে বরিশাল অংশে ৬০০ মিটার এবং পটুয়াখালী অংশে ২৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
এ সেতু নির্মাণে খরচ হবে এক হাজার ২২ কোটি টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর, অ্যাডভোকেট মনিরুল ইসলাম,সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিকসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
