২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কৃত রেজা আকাশের নেতৃত্বে ডুজা সভাপতিকে ‘বহিষ্কার’

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে নাম আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) থেকে বহিষ্কৃত রেজা আকাশের নেতৃত্বে একাংশের এক সংবাদ সম্মেলন থেকে সমিতির সভাপতিকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 06:37 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)’ ব্যানারে ওই সংবাদ সম্মেলনে সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রেজা আকাশ বর্তমান কমিটির নেতাদের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগও এনেছেন।

তাদের এই উদ্যোগের বৈধতা নিয়ে প্রশ্ন ‍তুলেছেন ডুজা সভাপতি ও প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফুর রহমান। জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদ নেওয়ার পর সাংবাদিক সমিতির মর্যাদা ক্ষুণ্ণের কারণ দেখিয়ে ঢাবিসাসের সহসভাপতি রেজা আকাশকে গত ফেব্রুয়ারি মাসে বহিষ্কার করা হয়েছিল সমিতি থেকে।

বহিষ্কৃত সহসভাপতি রেজা আকাশের নেতৃত্বে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ঢাবিসাসের কার্যনির্বাহী কমিটির সদস্য তপন কান্তি রায় ও আরাফাত সরকার সেতু, অবজারভারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আব্দুল করিম, ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাহদী আল মুহতাসিম নিবিড়, ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক দীপক চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সভাপতি আসিফকে বহিষ্কারের পাশাপাশি সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লালন মাহমুদসহ ‘বিএনপি-জামায়াত প্যানেল’কে বর্জনের ঘোষণাও দেওয়া হয়।

রেজা আকাশ বলেন, “গঠনতন্ত্র লংঘন করে সমিতি পরিচালনা, অনিয়মসহ ব্যক্তিগত লালসার বশবর্তী হয়ে প্রগতিশীল ও মুক্তচিন্তার অনুসারীদের সমিতি থেকে বহিষ্কারের মধ্যদিয়ে জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষকতা করার অভিযোগে সাংবাদিক সমিতির সভাপতি আসিফুর রহমানের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন সমিতির প্রগতিশীল প্যানেলের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। তাকে সমিতিতে অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করা হচ্ছে।

“সভাপতির সঙ্গে যোগসাজশ করে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক লালন মাহমুদসহ মুষ্টিমেয় কয়েজন সদস্য সমিতিতে জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষকতায় প্রগতিশীলতার চর্চাকে হুমকির দিকে ঠেলে দিয়েছেন। প্রতিক্রিয়াশীল এই গোষ্ঠীকেও সমিতি থেকে বর্জন করছে প্রগতিশীল প্যানেলের সদস্যরা।”

Image
রেজা আকাশ

রেজা আকাশ

 

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রেজা আকাশ বলেন, বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ইসলামী ছাত্রশিবিরের অনুসারীরা সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়ে ঢাবিসাসে অনুপ্রবেশ করে নিজেদের স্বার্থ হাসিল করছে। তাকে বহিষ্কারও তারই ধারাবাহিকতা। 

“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সমিতির কার্যালয়ে স্থাপন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দেশবিরোধী অবস্থান নেওয়ায় দৈনিক সংগ্রামের সদস্যপদ বাতিল করেছে গত কমিটি। যাতে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে প্রগতিশীল গ্রুপের সদস্যরা। অথচ এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের চরম বিরোধিতার মধ্যে পড়তে হয়।”

“অন্যদিকে ১৫ অগাস্ট ধরে সাংবাদিক সমিতির সদস্যরা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিলেও সমিতির সভাপতি আসিফুর রহমানসহ বিএনপি- জামায়াত সমর্থিত প্যানেলের সদস্যরা সেটা বন্ধ করে দিয়েছিল।”

“আসিফকে বহিষ্কার ও অন্যদের বর্জনের মধ্যদিয়ে দীর্ঘদিন পর ডুজা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী জামায়াত-শিবির মুক্ত হল,” বলেন রেজা আকাশ।

সংবাদ সম্মেলন শেষে ‘প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রভাবমুক্ত সাংবাদিক সমিতি গঠনের দাবিতে’ উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে একটি স্মারকলিপি দেওয়া হয়।

Image
আসিফুর রহমান

আসিফুর রহমান

রেজা আকাশদের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানতে চাইলে ডুজা সভাপতি আসিফ বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সবার মত নিয়েই সমিতি থেকে রেজা আকাশকে বহিষ্কার করা হয়েছিল।

“এখন ২-১ জন যদি একটি সংবাদ সম্মেলন করে বহিষ্কারের (আসিফকে) কথা বলে, তাতে বহিষ্কার হয়ে যায় না। এ ধরনের কোনো সংবাদ সম্মেলন করার বৈধতাও তাদের নেই। আর দুই-একজন বাদে সমিতির সবাই ঐক্যবদ্ধ আছেন।”

জামায়াত সংশ্লিষ্টতার যে অভিযোগ করা হয়েছে, তা ‘বলার জন্য বলা’ বলে প্রত্যাখ্যান করেন আসিফ।

পুরনো খবর:

ছাত্রলীগের কমিটিতে নাম আসার পর সাংবাদিক সমিতি থেকে বহিষ্কার