২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্বিচার নয়, লক্ষ্মীপুরের জেএমবি আমজাদের আমৃত্যু কারাদণ্ড

লক্ষ্মীপুর জেলা আদালতে ১১ বছর আগে বোমা হামলার ঘটনার দুই মামলায় জেএমবি সদস্য আমজাদ আলীর পুনর্বিচারের পরিবর্তে আপিল পুনঃশুনানির পর আমৃত্যু কারাদণ্ড দিয়েছে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 12:38 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়।

আদালতে আমজাদের পক্ষে শুনানি করেন আইনজীবী আনিসুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।

ছয় দিন আগে ঘোষিত সিদ্ধান্তের পর কেন পুনঃশুনানি হল- জানতে চাইলে শশাঙ্ক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আপিল বিভাগ যে কোনো সময় মামলার পুনঃশুনানি করতে পারে। পূর্ণাঙ্গ রায় হাতে পেলে এ বিষয়ে জানা যাবে।”

লক্ষ্মীপুর জেলা আদালতে ২০০৫ সালের ৩ অক্টোবর বোমা হামলার ঘটনায় পরের বছর অগাস্টে জেএমবি সদস্য মাসুমুর রহমান মাসুম, আমজাদ আলী ও আতাউর রহমান সানিকে মৃত্যুদণ্ড দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

এরপর অন্য একটি মামলায় সানির ফাঁসি কার্যকর হয় এবং বাকি দুই আসামি হাই কোর্টে আপিল করেন।

২০১৩ সালে হাই কোর্ট মাসুমের মৃত্যুদণ্ড বহাল রাখে এবং আমজাদকে খালাস দেয়। মাসুম ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন; আর রাষ্ট্রপক্ষ আপিল করে আমজাদের খালাসের রায়ের বিরুদ্ধে।

প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গত ৬ এপ্রিল শুনানি করে মাসুমের মৃত্যুদণ্ড বহাল রাখে। আর আমজাদের খালাসের রায় বাতিল করে পুনর্বিচারের আদেশ দেওয়া হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক বলেন, আপিল বিভাগ আমজাদের বিষয়ে পুনর্বিচারের নির্দেশ দিয়েছিল। পরে আদেশ সংশোধন করে আদালত আমজাদ আলীর বিষয়ে পুনঃশুনানির কথা জানায় ও বিষয়টি মঙ্গলবার পুনঃশুনানির জন্য আসে।

“আমজাদের ও রাষ্ট্রপক্ষের করা আপিল পুনঃশুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর ও আমজাদের আপিল খারিজ করে আসামি আমজাদকে আমৃত্যু কারাদণ্ড দেয়।”

আমজাদ আলীকে খালাসের ক্ষেত্রে হাই কোর্টের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ যথাযথভাবে আমলে নেওয়া হয়নি। এ দিকটি বিবেচনায় নিয়েই আপিল বিভাগ আমজাদের ক্ষেত্রে পুনর্বিচারের নির্দেশ দিয়েছিলেন বলে আগের দিন শশাঙ্ক শেখর জানিয়েছিলেন।

দুই আসামিই কারাগারে আছেন জানিয়ে তিনি বলেছিলেন, ‘আপিল বিভাগ আমজাদ আলীকে কনডেম সেল থেকে কারাগারে স্থানান্তর করতে বলেছে।’

লক্ষ্মীপুরের আদালতে জেএমবির বোমা হামলার ওই ঘটনায় মজিবুল হক নামে এক বিচারপ্রার্থীর মৃত্যু হয়, বিচারক এম এ সুফিয়ান, বেঞ্চ অফিসার মো. শফিকুল্লাহসহ কয়েকজন আহত হন।

জেলা আদালতের নাজির বজলুর রহমান ওই দিনই লক্ষ্মীপুর থানায় এ বিষয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।