সাংবাদিক পেটানো রনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ জুন
সাংবাদিক পেটানোর ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ১৫ জুন শুরু হবে।
আসামির পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করে সোমবার ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী দিন ঠিক করে দেন।
শুনানির সময় আদালতে হাজির ছিলেন রনি। তার পক্ষে অংশ নেন আইনজীবী সাইফুল ইসলাম মালেক ও তরিকুল ইসলাম।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহের জন্য ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুল ২০১৩ সালের ২০ জুলাই রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রনির কার্যালয়ে গেলে তাকে মারধর করে আটকে রাখা হয়।
এই ঘটনায় শাহবাগ থানায় রনির বিরুদ্ধে একটি মামলা করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুস আলী।
ওই মামলায় পরদিন রনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করলে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
কিন্তু ২৪ জুলাই একই আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওইদিনই গ্রেপ্তার হন রনি। পরদিন আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
এরপর ওই বছরের ১০ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিনে কারামুক্ত হন তিনি।
২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মাওলা রনি। এর আগেও তার বিরুদ্ধে সাংবাদিকদের নিগৃহীত করার অভিযোগ উঠেছে।
