২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনা ঠেকাতে ‘ভয় জাগানো’ আইন চান মন্ত্রী

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি চালকদের জন্য কঠিন শাস্তির বিধান রেখে ‘ভয় জাগানো’ আইন প্রণয়নের পক্ষে মত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 03:52 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

রোববার রাজধানীতে এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “পরিবহন চালকদের জন্য বড় ধরণের শাস্তির বিধান রেখে আইন করা উচিত। শাস্তি কম রাখলে চালকদের অপরাধ কমবে না।

“এ শাস্তি ২ লাখ টাকার আর্থিক জরিমানা হতে পারে, জেল জরিমানাও হতে পারে। এ জরিমানার ভয়ে চালকরা সতর্কভাবে গাড়ি চালাবে।”

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সড়ক পরিবহন আইন ২০১৬’ এর খসড়ার ওপর দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানও বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দিয়ে বলেন, “আমার মন্ত্রণালয়ের খবরদারির জন্য আইন চাই না। জনস্বার্থে আইন চাই। সড়ক পরিবহন খাতকে শৃঙ্খলায় আনতে আমাদের কঠোর হতে হবে।”

১৯৮৩ সালের অধ্যাদেশের আওতায় ‘সড়ক পরিবহন চলছে’ জানিয়ে মন্ত্রী ৩৩ বছরেও একটি নতুন আইন করতে না পারাকে ‘ব্যর্থতা’ অভিহিত করেন।

তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিক প্রতিনিধি ড. এন প্যারানিয়াথারানের ‘বছরে ২১ হাজার লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়’ এমন বক্তব্যের সঙ্গেও দ্বিমত পোষণ করেন।

“বছরে ২১ হাজার লোক দুর্ঘটনায় মারা গেলে প্রতিদিন গড়ে প্রায় ৫৮ জন লোক মারা যায়। এ তথ্য বাস্তবতা বিবর্জিত।”

মন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় থারান বলেন, “এটা আমার ব্যক্তিগত তথ্য নয়। দেশ-বিদেশে এ বিষয়ে যারা গবেষণা করেন, তাদের কাছ থেকে এ তথ্য নেওয়া হয়েছে।”

এসব তথ্য বাস্তবতার ‘বেশ কাছাকাছি’ বলেও মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ প্রতিনিধি।