নিজামীর রিভিউ শুনানি ৩ মে
সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ড বহালের রায় পুনর্বিবেচনার জন্য একাত্তরের যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর করা আবেদনের শুনানি হবে ৩ মে।
আসামিপক্ষের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রোববার এই দিন ঠিক করে দেয়।
মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য ২৯ মার্চ আবেদন করেন একাত্তরের বদর প্রধান নিজামী।
তার রিভিউ দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করলে ৩০ মার্চ চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার বিষয়টি ৩ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। সেদিন আসামিপক্ষ ছয় সপ্তাহ সময়ের আবেদন করলে আদালত বিষয়টি এক সপ্তাহ পিছিয়ে দেয়।
এর ধারাবাহিকতায় রোববার রিভিউ আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় আসে। সেই সঙ্গে ছিল আসামিপক্ষের মুলতবি আবেদনও শুনানির জন্য আসে।
আদালতে নিজামীর পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “সিনিয়র আইনজীবী সময় চাইলে আদালত সাধারণত সময় দেন, আগেও সময় দিয়েছেন। আর কোনো অজুহাতে শুনানি পেছাতে প্রার্থনার আবেদন মঞ্জুর করা হবে না বলেছে আদালত।”
নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব বলেন, “চার সপ্তাহ সময় চাওয়া হয়েছিল। আমার ব্যক্তিগত অসুবিধার কারণে শুনানির জন্য প্রস্তুতি নিতে পারিনি। এরপর আদালত ৩ মে শুনানির জন্য দিন নির্ধারণ করেছে। তবে আদালত এও বলেছে, আর কোনো সময় চাইতে পারব না।”
রিভিউ আবেদন দায়েরের পর নিজামীর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন জানিয়েছিলেন, ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনে তারা মোট ৪৬টি যুক্তি তুলে ধরে সব দণ্ড থেকে খালাস চেয়েছেন।
নিজামীর রিভিউ না টিকলে রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণভিক্ষা চাইতে পারবেন। দুই আর্জিই নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর ৬ জানুয়ারি আপিল আংশিক মঞ্জুর করে সেই ফাঁসির রায়ই বহাল রাখে সর্বোচ্চ আদালত।
জামায়াত আমির নিজামী একাত্তরে ছিলেন দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নাজিমে আলা বা সভাপতি এবং সেই সূত্রে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আল-বদর বাহিনীর প্রধান।
স্বাধীনতাকামী বাঙালির ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে এই মামলার বিচারে উঠে আসে।
