অর্থ জালিয়াতি: যুক্তরাজ্যে বাংলাদেশি দম্পতির সাজা
প্রবাসীদের জন্য সরকারি সুবিধার ১৬ লাখ পাউন্ড হাতিয়ে নিতে কয়েকশ ইতালিপ্রবাসীকে একদিনের জন্য যুক্তরাজ্যে ঢোকার সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশি এক দম্পতিকে ১২ বছরের জেল দিয়েছে লন্ডনের একটি আদালত।
দণ্ডিত চৌধুরী মুয়ীদ (৫১) এবং আসমা খানম (৪৭) ইতালিপ্রবাসী বাংলাদেশি পাসপোর্টধারীদের সরকারি সুবিধার অর্থ বিতরণের জন্য ভুয়া প্রতিষ্ঠান খুলে এই প্রতারণার আশ্রয় নিয়েছিলেন।
এই দম্পতি ছাড়াও একই ধরনের প্রতারণার মাধ্যমে যুক্তরাজ্য সরকারের আবাসন সুবিধা ও কাউন্সিল করসুবিধার আট লাখ পাউন্ড হাতিয়ে নেওয়ার দায়ে হাবিবুর রহমান নামের আরেকজনকেও কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, যুক্তরাজ্যে কাজের সুযোগ করে দিতে মুয়ীদ-আসমা দম্পতি ইতালির বাংলাদেশি বংশোদ্ভুতদের বেছে নিয়েছিলেন।
ভুয়া ঠিকানা ব্যবহার করে স্ট্যানস্টিড বিমানবন্দর দিয়ে যুক্তরাজ্যে আনার পর তাদেরকে জাতীয় বীমা নম্বর সংগ্রহের জন্য জব সেন্টারে পাঠানো হয়।
যুক্তরাজ্য সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা পাওয়ার পূর্বশর্ত হচ্ছে এই জাতীয় বীমা নম্বর থাকা।
গত মে মাসে এমন একটি ভুয়া প্রতিষ্ঠানে হানা দিয়েছিল পুলিশ ও রেডব্রিজ কাউন্সিলের অনুসন্ধানকারীরা।
টাওয়ার হ্যামলেটসের মাইল এন্ড রোডে একটি ইতালিয়ান রেস্তোরাঁর ওপরে ওই প্রতিষ্ঠানের সামনে তখন চাকরির নিয়োগপত্রের অপেক্ষায় ভিড় করেছিল অন্তত ৩০ বাংলাদেশি।
এভাবে ইতালিয়ান বাংলাদেশিরা টাওয়ার হ্যামলেটসের ছয় লাখ পাউন্ড এবং লন্ডন বরো অফ রেডিব্রিজের ৫ লাখ ৭৮ হাজার পাউন্ড আবাসন সুবিধাপ্রাপ্ত হিসেবে অনুমোদন পান।
এছাড়া ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন্স (ডিডব্লিউপি) থেকে ৪ লাখ ২০ হাজার পাউন্ড নেওয়া হয়।
এই অর্থ পরে তারা ভাগাভিাগি করে নিয়েছিলেন।
আদালতে একজন জুরি জানান, চৌধুরী মুয়ীদ, আসমা খানম এবং হাবিবুর রহমান এই জালিয়াতির জন্য ভুয়া কাগজপত্র তৈরি করে তা ইতালিপ্রবাসীদের সরবরাহ করেছিলেন।
সরকারি সুবিধার অর্থ হাতিয়ে নিতে মুয়ীদ ও আসমা ‘ফ্যামিলিজ ফর সারভাইভাল ইউকে’ এবং ‘এইজ সেল্টার ইউকে লিমিটেড’ আর হাবিবুর রহমান ‘হাইবা লাইবা লিমিটেড’ ও ‘ক্রিস্টাল জবস লিমিটেড’ নামের ভুয়া প্রতিষ্ঠান খুলেছিলেন বলে আদালতে জানানো হয়।
প্রসিকিউটর মার্ক হিমওয়ার্থ বলেন, সরকারি সুবিধার জন্য রেডব্রিজের লন্ডন বরোর একটি প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার পরই বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয়। উপযুক্তনথিপত্র দিয়ে তৈরি করা হলেও এসব আবেদনে অস্বাভাবিক কিছু মিল ছিল।
এরপরই ‘অপারেশন রাইনো’ নামের অভিযান শুরু হয় এবং অনুসন্ধানে উঠে আসে তিনশর মতো আবেদনকারীর মধ্যে ১৩৯ জন ইতালিয়ান-বাংলাদেশি একই বাসস্থানও কর্মস্থলের ঠিকানা ব্যবহার করেছেন।
তিন আসামি কর্মীদের পারিশ্রমিক পরিশোধের ব্যবস্থাটি এমনভাবে সাজিয়েছিলেন, যেখানে সরকারি সুবিধার অর্থ আগে তাদের ভুয়া প্রতিষ্ঠানে আসত, তারপর তারা কর্মীদের অংশটি পরিশোধ করতেন।
মুয়ীদ আদলতে জানান, পারিশ্রমিক দেওয়ার জন্য তিনি নমুনা স্লিপ তৈরি করেছিলেন, তবে তা শুধু প্রশিক্ষণের কাজে ব্যবহারের জন্য।
আদালতে তিনজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন,তবে তাতে সন্তুষ্ট না হয়ে কারাদণ্ড দেন জুরিরা।
