২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-সন্তান এসিডে দগ্ধের ঘটনায় স্বামী রিমান্ডে

রাজধানীর রূপনগরে স্ত্রী-সন্তানসহ একই পরিবারের চার জনের এসিডে ঝলসে যাওয়ার ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 09:43 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

মহানগর হাকিম সাদবীর ইয়াসির মাহমুদ চৌধুরী শুক্রবার জামিন নাকচ করে সুরুজ আলম খানকে জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ভোরে দুজন দুর্বৃত্ত ঘরে ঢুকে এসিড ছুড়ে মারলে সুরুজ আলম খান (৩৫), তার স্ত্রী মাহফুজা আক্তার সুবর্ণা (২৮), তাদের সন্তান সানজিদা সুলতানা রিমা (৯) ও সুরুজের দ্বিতীয় স্ত্রী নিলুফার বেগম (৩৫) দগ্ধ হন।

এদের মধ্যে সুরুজের ডান হাত, সুবর্ণার শরীরের বিভিন্ন অংশ, রিমার ডান হাত ও নিলুফারের ডান হাত এসিডে ঝলসে গেছে।

ঘটনার পরপরই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

পারিবারিক কলহের জের ধরে সুরুজই লোক দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে তৃতীয় স্ত্রী মাহফুজা আক্তার সুবর্ণার অভিযোগ।

এ ঘটনায় সুবর্ণার পরিবার বৃহস্পতিবার রাতে সুরুজসহ অজ্ঞাতপরিচয়ের ৩/৪ জনকে আসামি করে ২০০২ সনের এসিড অপরাধ দমন আইনে রূপনগর থানায় মামলা করেন।

শুক্রবার বার্ন ইউনিট থেকে গ্রেপ্তারের পর সুরুজকে আদালতে হাজির করা হয়।

পরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চান রূপনগর থানার এসআই মমিনুর রহমান।

রিমান্ড আবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে দুই দুর্বৃত্ত আত্মীয় পরিচয়ে বাসায় ঢুকে মাহফুজা ও সানজিদাকে এসিড ছুড়ে মারে। তাদের মধ্যে  পারিবারিক কলহ ছিল।

এ ঘটনায় সুরুজ জড়িত আছে কিনা তা জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি ।

অবশ্য সুরুজ আদালতকে বলেছে, তৃতীয় স্ত্রী ও মেয়েকে রক্ষা করতে গিয়ে তিনি ও নিলুফার সামান্য দগ্ধ হয়েছেন।