২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তনুর জন্য সংসদমুখী পদযাত্রার ডাক

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ এবং আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 07:32 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

শুক্রবার বিকেলে শাহবাগে এক সমাবেশ থেকে আগামী ৫ মে এ কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, “কুমিল্লার রোডমার্চে গণজাগরণ মঞ্চ থেকে আমরা চারটি দাবি ঘোষণা করেছিলাম। সে চার দাবিতে জানিয়ে ৫ মে ‘তনুর জন্য বিচার’ শিরোনামে বাংলাদেশ জাতীয় সংসদ অভিমুখে ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচি ঘোষণা করছি।”

ওই দিন সকাল ১১টায় শাহবাগ থেকে সারাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবাইকে নিয়ে জাতীয় সংসদ অভিমুখে এই পদযাত্রা হবে বলে জানান তিনি। 

ইমরান বলেন, সারাদেশে গণজাগরণ মঞ্চের সংগ্রহ করা গণস্বাক্ষরসহ দাবি সম্বলিত একটি স্মারকলিপি পদযাত্রা শেষে স্পিকারের কাছে দেওয়া হবে।

গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাড়ির কয়েকশ গজের মধ্যে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর লাশ পাওয়া যায়। তাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা।  

প্রথম দফা ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের আলামত না মেলার কথা বলা হলেও কবর থেকে লাশ তুলে ইতোমধ্যে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়েছে আদালতের নির্দেশে।

এ ঘটনায় তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসনের করা মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করলেও ২৫ মার্চ ডিবিকে দায়িত্ব দেওয়া হয়। এরপর ৩০ মার্চ মামলাটি আবার সিআইডিতে হস্তান্তর করা হয়।

কিন্তু হত্যাকাণ্ডের ১৯ দিন পরও এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় প্রতিদিনই বিক্ষোভ-মানববন্ধন চলছে দেশের বিভিন্ন স্থানে। 

তনু হত্যার প্রতিবাদে ২৭ মার্চ ঢাকা থেকে রোড মার্চ করে কুমিল্লা গিয়ে কান্দিরপাড়ে সংহতি সমাবেশ করেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।

সেই রোডমার্চ থেকে অবিলম্বে তনুর খুনীদের শনাক্ত ও বিচারের মুখোমুখি করা, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী আইন কার্যকর করাসহ চারটি দাবি জানানো হয়।

বাংলাদেশের আইনে ধর্ষেণের সাজা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড; সঙ্গে অর্থদণ্ডও হতে পারে। আর ধর্ষণের পর হত্যা, অথবা ধর্ষণের কারণে মৃত্যু ঘটলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।

২০০০ সালের ওই আইন সংশোধন করে গণজাগরণ মঞ্চ ধর্ষণ প্রমাণিত হলেই ধর্ষকের ফাঁসির দাবি জানিয়েছে।

শুক্রবারের সংহতি সমাবেশে ইমরান বলেন, “সরকার ও রাষ্ট্রের মাধ্যমে একের পর খুন, ধর্ষণ ও লুটপাটের ঘটনা ধামাচাপা দিয়ে এগুলো ঠেকানো যাবে না। আপনারা বিভিন্ন ঘটনাকে যেভাবে চাপা দেওয়ার চেষ্টা করছেন, সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের অবস্থান স্পষ্ট করুন।

তিনি বলেন, কোনো গোষ্ঠী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের এই আন্দোলন নয়। তারা চান, তনুর ধর্ষণ ও খুনের সঙ্গে যারাই জড়িত থাক না কেন, অবিলম্বে তাদের খুঁজে বের করা হোক।

সেইসঙ্গে সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী নাজিম উদ্দিন সামাদ হত্যাসহ সব ব্লগার খুনের ঘটনা এবং বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির হোতাদের বিচারের দাবি জানান ইমরান এইচ সরকার।

পুরনো খবর:

তনুর জন্য ১ ঘণ্টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ডাক গণজাগরণের