২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহসীন আলীর মৃত্যুর আগে-পরে অনুদানের হিসাব চায় সংসদীয় কমিটি

মন্ত্রী মহসীন আলীর মৃত্যুর আগে ও পরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের অর্থ কীভাবে, কাদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে, তার তালিকা চেয়েছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 06:17 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ হিসাব চাওয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, “বৈঠকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের অর্থ কিভাবে এবং কাদের মধ্যে বণ্টন করা হয়েছে, তার একটি রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়। এছাড়া প্রয়াত সমাজ কল্যাণমন্ত্রীর মৃত্যুর পূর্বে এবং মৃত্যুর পরে কত টাকা বণ্টন করা হয়েছে, এর একটি রিপোর্ট প্রদানেরও সুপারিশ করা হয়।”

নাম প্রকাশে অনিচ্ছুক সংসদীয় কমিটির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটির কাছে মনে হয়েছে সমাজকল্যাণমন্ত্রী মারা যাওয়ার পর সমাজকল্যাণ পরিষদের অনুদান বরাদ্দে অনিয়ম হয়েছে। এজন্য আমরা তালিকা চেয়েছি।”

সংসদীয় কমিটিতে দেওয়া এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থ বছরে দেশের সাতটি বিভাগে এক হাজার ৭৭৪ জন ব্যাক্তি ও ১১০টি প্রতিষ্ঠানের অনুকূলে এক কোটি ৭৭ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কমিটি সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হতে উপ-পরিচালক পদে পদোন্নতির দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং পদোন্নতি না হওয়া পর্যন্ত উপ-পরিচালক পদে ওই কর্মকর্তাদের চলতি দায়িত্ব প্রদানের সুপারিশ করে।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, হাবিবে মিল্লাত, পীর ফজলুর রহমান, আব্দুল মতিন এবং লুৎফা তাহের বৈঠকে অংশ নেন।