মহীউদ্দীন আলমগীরের ছেলের খালাসের রায় বাতিল
দুদকের মামলায় সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের ছেলে জয় আলমগীরকে হাই কোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়।
দুদকে সম্পদের হিসাব না দেওয়ায় বিচারিক আদালত জয় আলমগীর ও তার ভাই জালাল আলমগীরকে তিন বছর করে সাজা দিলেও তাদের বাবার করা রিট আবেদনে হাই কোর্ট ওই সাজা অবৈধ ঘোষণা করেছিল। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের (লিভ টু আপিল) রায়ে বিচারিক আদালতের সিদ্ধান্তই বহাল থাকল।
এর ফলে আইন অনুযায়ী এখন জয় আলমগীরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে দুদকের কৌঁসুলি সৈয়দ মামুন মাহবুব জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দুই জনের বিষয়েই আপিল করেছিলাম। তাদের মধ্যে একজন মারা গেছেন। এ কারণে তার (জালাল আলমগীর) অংশটি বাদ দেওয়া হয়েছে।”
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মহীউদ্দীন খান আলমগীরের বড় ছেলে জালাল ২০১১ সালে থাইল্যান্ডে বেড়াতে গিয়ে সমুদ্রে পানিতে ডুবে মারা যান।
মহীউদ্দীন আলমগীরের আইনজীবী আবদুল মতিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত বলেছেন, আইনের দৃষ্টিতে পলাতক ব্যক্তি আইনের আশ্রয় পেতে পারেন না। আইনের আশ্রয় পেতে হলে তাকে অবশ্যই বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করে তারপর আপিল করতে হবে।”
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ১১ জুন দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জালাল ও জয়ের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। দুদকের নোটিসে সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
সে সময় সংসদ ভবনে বসানো বিশেষ জজ আদালত ওই বছর ৫ নভেম্বর দুই ভাইকে পলাতক দেখিয়ে তিন বছর করে কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করে।
এ সাজার বৈধতা চ্যালেঞ্জ করে পরের বছর হাই কোর্টে রিট আবেদন করেন তাদের বাবা মহীউদ্দীন খান আলমগীর। তিনি আদালতকে বলেন, তার দুই ছেলে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাদের কাছে নোটিস না পাঠিয়েই দুদক মামলা করেছে, পলাতক দেখিয়ে তাদের বিচার করা হয়েছে।
রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট রুল দেয়। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের হাই কোর্ট বেঞ্চ সাজা অবৈধ ঘোষণা করে। ওই রায়ে মামলার অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয় দুই ভাইকে।
দুদক ওই রায়ের বিরুদ্ধে ২০১২ সালে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে, যার ওপর শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ তা নিষ্পত্তি করে রায় দেয়।
এতে বিচারিক আদালতের দণ্ডই বহাল থাকল বলে দুদক কৌঁসুলি সৈয়দ মামুন মাহবুব জানান।
