২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবির চার্জশিটে বাদপড়া আসামি পেল পিবিআই

প্রধান আসামিকে বাদ দিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযোগপত্র দেওয়া এক মামলা পুনরায় তদন্তের দায়িত্ব পেয়ে ওই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 12:53 AM

Updated : 20 Aug 2022, 12:24 PM

মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী এলাকার একটি গ্যারেজ থেকে আশিক নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পিবিআই’র ঢাকা মহানগর অঞ্চলের প্রধান বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

মামলার বিবরণে জানা যায়, গত ১৫ জানুয়ারি রামপুরা থেকে সাভারে অফিসে যেতে তুরাগ পরিবহনের একটি বাসে ওঠেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।

উত্তরা আব্দুল্লাহপুর মোড়ে বাস থামার পর জাহাঙ্গীরকে হত্যার উদ্দেশ্যে কন্ডাক্টর নাহিদ আহমেদ অপু ও চালক অশিক বেধড়ক মারপিট করে।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে চালক আশিক ও হেলাপার শাহিন পালিয়ে যায়; তবে অপু জনতার হাতে ধরা পড়ে গাড়িসহ।

পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন জাহাঙ্গীর।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন জাহাঙ্গীরের শ্যালক শরিফুল ইসলাম। থানা থেকে মামলার তদন্তের দায়িত্ব পায় মহানগর গোয়েন্দা পুলিশ।

পিবিআই কর্মকর্তা আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরে চালক ও তার সহকারীর ঠিকানা পাওয়া যায়নি বলে তাদের নাম বাদ দিয়ে শুধু জনতার হাতে আটক অপুর নামে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।

এর বিরুদ্ধে মামলার বাদী শরিফুল নারাজি আবেদন করলে আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়।

“দায়িত্ব পেয়ে পিবিআই বেশ কয়েকদিন অনুসন্ধান চালিয়ে যাত্রাবাড়ী এলাকার একটি গ্যারেজ থেকে মঙ্গলবার চালক আশিককে গ্রেপ্তার করে।”

তার সহকারী শাহিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান বিশেষ পুলিশ সুপার আজাদ।