ফরমালিন শনাক্তের যন্ত্র সংগ্রহ : খাদ্য সচিবের প্রতি অবমাননার রুল
আদালতের নির্দেশ অনুসারে ফরমালিন পরীক্ষায় সঠিক যন্ত্র সংগ্রহ না হওয়ায় খাদ্য সচিব এ এম বদরুদ্দোজার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার এ রুল দেয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত অবমাননার অভিযোগে কেন তার (খাদ্য সচিব) বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।”
আগামী সাতদিনের মধ্যে খাদ্য সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ২৪ নভেম্বর হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ খাদ্য ও ফলমূল পরীক্ষার জন্য সঠিক ফরমালিন যন্ত্র নির্বাচন এবং তা সংগ্রহ করতে নির্দেশ দেয়। খাদ্য সচিবসহ সংশ্লিষ্টদের ৩০ দিনের মধ্যে ওই যন্ত্র সংগ্রহে ব্যবস্থা নিতেও বলা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় আইনজীবী মনজিল মোরসেদ খাদ্য সচিবকে আইনি নোটিস পাঠান, যাতে আদালতের নির্দেশনা মানতে অনুরোধ জানানো হয়।
এর ধারাবাহিকতায় ফরমালিন পরীক্ষায় সঠিক যন্ত্র সংগ্রহ না করায় সোমবার খাদ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করে হাই কোর্টে রিট আবেদনকারীপক্ষ, যার ওপর মঙ্গলবার শুনানি হয়।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, “দীর্ঘদিন ধরে ফরমালিন পরীক্ষার সঠিক যন্ত্র না থাকায় ফল, মাছ, সবজিসহ বিভিন্ন খাদ্যে ফরমালিনের উপস্থিতি সনাক্ত করা যাচ্ছে না। এর ফলে এক শ্রেনির অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এতে করে জনগণের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে।”
