শ্রমিকনেতা আমিনুল হত্যাকাণ্ডের ফের তদন্ত দাবি
পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের নতুন করে তদন্ত চেয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন (বিজিআইডাব্লিউএফ) ও বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডাব্লিউএস)।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিজিআইডাব্লিউএফের সভাপতি বাবুল আখতার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সালে ৮ জানুয়ারি সিআইডি মোস্তাফিজুর রহমানকে অভিযুক্ত করে এবং তাকে পলাতক দেখিয়ে মামলাটির অভিযোগপত্র দেয়। বর্তমানে মামলাটি টাঙ্গাইলের বিশেষ জজ আদালতে বিচারাধীন।
তিনি বলেন, “আমাদের বক্তব্য হলো, আমিনুল ইসলামকে মোস্তাফিজুর রহমানের একার পক্ষে হত্যা কর সম্ভব হয়নি। তার সাথে অন্য কে বা কারা ছিল, কোন গাড়িতে আমিনুলকে হত্যা করে আশুলিয়া থেকে টাঙ্গাইলের ঘটাইলে নিয়ে যায়, আমরা ও আমিনুলের পরিবার এ বিষয়ে সরকারের কাছে পরিস্কার ব্যাখ্যা জানতে চাই।”
বক্তাদের অভিযোগ করেন, সিআইডি তদন্ত করে যে অভিযোগপত্র দিয়েছ তাতে প্রকৃত হত্যাকারীদের আড়াল করা হয়েছে।
তাই মামলাটি পুনরায় তদন্তের দাবি জানিয়ে বক্তরা প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।
২০১২ সালের ৪ এপ্রিল বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস) এর সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম গত ৪ এপ্রিল সাভারের বাইপাইল থেকে নিখোঁজ হন। ৬ এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলে তার লাশ পাওয়া যায়।
