২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিক পরীক্ষা ৫ দিনে শেষ করতে চান নাহিদ

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষার সময় কীভাবে কমিয়ে আনা যায়, তা খুঁজে বের করতে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 11:34 AM

Updated : 11 Oct 2022, 08:02 PM

রোববার চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিন ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা পরীক্ষা কমিয়ে নিয়ে আসার জন্য কাজ করছি। এই কাজটা সফলে সবার সাহায্য-সহযোগিতা লাগবে। দীর্ঘ পরীক্ষা অর্থহীন। যাচাই করে নিতে হবে যে (শিক্ষার্থীরা) প্রকৃত জ্ঞানটা অর্জন করতে পেরেছে কি না।”

এ বছর ৯ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা শেষে ১১ থেকে ২০ জুনের মধ্যে হবে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে লেগে যাবে প্রায় তিন মাস।

এর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ এসএসসির তত্ত্বীয় এবং ৯ থেকে ১৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়।

এই দুটি বড় পাবলিক পরীক্ষার কারণে নির্বাচনসহ রাষ্ট্রীয় অনেক কর্মসূচি ঠিক করতে প্রতি বছরই হিমশিম খেতে হয় সরকারকে। শিক্ষার্থী ও অভিভাবকদেরও দীর্ঘ সময় ধরে পরীক্ষার চাপ নিতে হয়।

সকালে পরীক্ষা শুরুর সময় ঢাকার যানজটের মাত্রা আরও অনেক বেড়ে যায়। সেই জটিলতা আরও না বাড়াতে এবার এসএসসির প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় রাস্তায় না নেমে মন্ত্রিসভার বৈঠকের স্থানই পরিবর্তন করে দেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা পরীক্ষা দীর্ঘায়িত করতে চাই না। আমার মত, আমরা এসব পরীক্ষা খুব বড়জোর ৫-৬ দিনের মধ্যে নিতে চাই, সেই পথে আমরা আগাব।

“আমি যদি এই কথা এখনই বলি, অভিভাবকরা বিস্মিত হয়ে যাবেন এবং আমাকে সবাই চেপে ধরবেন এটা কি করে সম্ভব? তারা কোনো পরিবর্তন চান না।”

পুরো শিক্ষা পদ্ধতির আমূল সংস্কারের পরিকল্পনার কথা জানিয়ে নাহিদ বলেন, সব বাধা অতিক্রমে সবাইকে তিনি ‘কনভিন্স’ করতে চান।

“আমি যখন মেট্রিক পরীক্ষা দিয়েছি পাঁচ দিনে ১০ পেপার। সকাল-বিকাল দুইটা পরীক্ষা দিয়েছি, মাঝে গ্যাপ। এখন দুই দিন গ্যাপ দিলেও অভিভাবকরা সন্তুষ্ট না।

“গ্যাপ দিয়ে যে শিক্ষার্থীদের টেনশনের মধ্যে রাখা হয়- এখনও আমরা এটা অভিভাবকদের উপলব্ধির মধ্যে আনতে পারিনি। তাদের বোঝানোর চেষ্টা করছি, আস্তে আস্তে আমরা পরীক্ষার পদ্ধতি চেইঞ্জ করে ফেলব।”

দীর্ঘ দিন ধরে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের সময় ‘নষ্টের’ পাশাপাশি ‘কোচিং বাণিজ্য’ হয় মন্তব্য করে মন্ত্রী বলেন, “এই সময়ে ক্লাস হয় না, ভর্তির সময়ও লেইট হয়ে যায়।”

এবার এইচএসসির শুরুতে ‘প্রশ্ন ফাঁসের কোনো গুজব না থাকায়’ সন্তোষ প্রকাশ করেন নাহিদ।

“এখন এটা নিশ্চিতভাবেই বলা যায় প্রশ্ন ফাঁস হয়নি, গুজবও রটেনি। কারণ গুজব রটালে যে ব্যবস্থা নেওয়া হবে সেটা তারা ধারণও করতে পারবে না।”

নাহিদ বলেন, কিছু শিক্ষক ‘এমন সব পথ’ নিয়েছেন, যা ‘শিক্ষক সুলভ’ নয়। প্রশ্ন ফাঁসের বিষয়ে তাদেরও সতর্ক করেন তিনি।  

“তারা শিক্ষক নামের কলঙ্ক। আমরা তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, দয়া করে কোনোভাবে অর্থের বিনিময়ে, লোভ লালসার বিনিময়ে জীবন নষ্ট করবেন না।”

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্ন ফাঁস বা প্রশ্ন ফাঁসের গুজব রটালে তথ্য-প্রযুক্তি আইন অনুসারে ১৪ বছরের জেল ও এক কোটি টাকা জরিমানার বিষয়টিও স্মরণ করিয়ে দেন শিক্ষামন্ত্রী।

চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না দাবি করে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করেই পরীক্ষার সূচি চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনের দিন কোনো পরীক্ষা নেই।