২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিজম মোকাবেলায় বাংলাদেশ অনন্য: সায়মা হোসেন

অটিজম মোকাবেলায় যথেষ্ট জোর দিয়ে বাংলাদেশ বিশ্বে ‘অনন্য’ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন সায়মা হোসেন পুতুল।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 11:39 AM

Updated : 11 Oct 2022, 08:02 PM

পুরনো খবর:

যে কাউকে অটিস্টিক বলবেন না: সায়মা

শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল সেন্টারে আয়োজিত এক আলোচনার মূল প্রবন্ধে পুতুল এ মন্তব্য করেন।

তিনি বলেন, অটিজমের বিষয়ে জাতীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি ও পদক্ষেপ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ যা কাজ করেছে, তা গর্ব করার মতো।

“এক্ষেত্রে বাংলাদেশ মডেল অনন্য। নানা ক্ষেত্রে নানামুখী কাজ হচ্ছে সেখানে। এটা সম্ভব হয়েছে রাজনৈতিক ইচ্ছা এবং সংশ্লিষ্টদের সাড়ায়।”

‘সীমাবদ্ধতা সত্ত্বেও’ জাতীয় উন্নয়নে অটিজম আক্রান্তদের সম্পৃক্ত করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীকন্যা বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অটিজম ও অন্যান্য এনডিডি আক্রান্তদের জন্য পুরো এক পৃষ্ঠা বরাদ্দ দেওয়া হয়েছে।

“আর্লি চাইল্ডহুড সেন্টারগুলিতে অন্তত দুজন প্রতিবন্ধী শিশু ভর্তি বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ন্যাশনাল অটিজম এন্ড এনডিডি একাডেমি স্থাপন করেছে।”

“জাতীয় পর্যায়ের নাটক, সিনেমা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অটিজম আক্রান্তদের সুযোগ দেওয়ারও একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সায়মা ১২ মিনিটের বক্তব্যের শুরুতে প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা রক্ষায় তার মা শেখ হাসিনার অবদানকে বিশেষভাবে স্মরণ করেন।

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে জানিয়ে তিনি প্রতিবন্ধীদের সুরক্ষায় বাংলাদেশ ‘আন্তর্জাতিক প্রতিশ্রুতি’কে ‘গুরুত্বের সঙ্গে নিয়েছে’ বলেও মন্তব্য করেন।

তিনি জানান, ৯০ দশকের মাঝামঝি বাংলাদেশে প্রতিবন্ধীদের কল্যাণে সর্বপ্রথম জাতীয় নীতি নেওয়া হয়।

“১৯৯৯ সালে প্রতিবন্ধী ব্যক্তির জন্য ন্যাশনাল ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা করা, যা পরে জেপিইউএফ-এ পরিণত হয়। ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধীদের সুরক্ষায় প্রথম আইন প্রণয়ন ও ‘আন্তঃমন্ত্রণালয় টাস্ক ফোর্স’ গঠন করে।

“এছাড়া অটিজমসহ এনডিডি (নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার) আক্রান্তদের চিকিৎসাসহ যাবতীয় অধিকারের সুরক্ষা আইনের আওতায় আনতে ২০১৩ সালে ‘ডিজএবিলিটি ওয়েলফেয়ার অ্যাক্ট’ ও ‘দ্য ন্যাশনাল নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার প্রটেকশন ট্রাস্ট অ্যাক্ট’ করা হয়।”

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করা অল্পক’টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম উল্লেখ করে সায়মা বলেন,আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

“২০১১ সালের জুলাই মাসে ঢাকা সম্মেলনের ঘোষণা অনুযায়ী ‘সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক’ গঠিত হয়, যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দৈহিক ও মানসিক প্রতিবন্ধীদের সমাজের অংশ বলে গণ্য করার জোর প্রচার চলছে।”

অটিজমে আক্রান্তসহ অন্যান্য প্রতিবন্ধীদের আর্থসামাজিক প্রয়োজনীয়তা বিবেচনায় তাদেরকে পরিবার ও সমাজে প্রতিষ্ঠিত করতে ২০১২ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যে রেজ্যুলেশন গৃহিত হয় তাও বাংলাদেশ উত্থাপন করেছিল বলে জানান তিনি।

‘অটিজম মোকাবেলা: এসডিজি’র আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল’ শীর্ষক এ আলোচনায় জাতিসংঘ মহাসচিবের স্ত্রী বান সুন-টেক অটিজম আক্রান্তদের স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করার আহ্বান জানান।

“অটিজম আক্রান্তদের অধিকার না দেওয়ার অর্থ মানবাধিকার লঙ্ঘন। তারাও মেধাবী। তাদের মেধা ও শ্রমকে সকল কর্মকান্ডে ব্যবহারের পরিবেশ সৃষ্টি করতে হবে।”

জাতিসংঘে বাংলাদেশ, ভারত, কাতার, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র মিশনের সহায়তার অটিজম স্পিকস এ আলোচনার আয়োজন করে।

এতে আরও বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন-মোমেন, কাতারের স্থায়ী প্রতিনিধি আলইয়া আহমেদ সাইফ আল-থান, যুক্তরাষ্ট্রের সারাহ মেন্ডেলসন, ভারতের সাঈদ আকবর উদ্দিন ও অটিজম স্পিকস এর সহ-প্রতিষ্ঠাতা সুজান রাইট।

নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসানসহ বাংলাদেশ মিশন ও কনসুলেটের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।