কলকাতায় ফ্লাইওভার ধসে হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক
পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মাণাধীন ফ্লাইওভার ধসে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার দুপুরে ওই ধসের পর সন্ধ্যায় বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র আবুল হাসান মাহমুদ আলী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই শোকবার্তা পাঠান।
দুপুরে কলকাতার জোড়াসাঁকোয় গণেশ টকিজের কাছে নির্মাণাধীণ বিবেকানন্দ ফ্লাইওভারের একাংশ ভেঙে নিচে যানবাহনের ওপর পড়ে। নিচে আটকা পড়ে কয়েকটি যাত্রীবোঝাই বাস, কয়েকটি প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন।
এ ঘটনার পর অন্তত ১৮ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে দেড় শতাধিক মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
শোকবার্তায় আহতদের ‘দ্রুত আরোগ্য’ লাভের জন্য প্রার্থনা করে কংক্রিটের নিচে চাপা যারা চাপা পড়েছেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তাদের দ্রুত উদ্ধারের আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
