২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন রং করেন, না হলে মেয়র ‘টাফ’ হয়ে যাবে: আনিসুল

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার রং ছাড়া বিভিন্ন পুরনো ভবন বায়ুদূষণ করছে অভিযোগ করে সেগুলোতে দ্রুত রং করার জন্য ভবন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 09:50 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

এসব ভবনে দ্রুত রং করা না হলে ব্যবস্থা নেওয়া বলে হুঁশিয়ারিও দেন তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “ভবন মালিকদের অনুরোধ করতে চাই- যাদের ভবন অনেক পুরোনো, যেগুলো রং করেননি সেগুলো বায়ু দূষণ করছে।

“এগুলো রং করেন, তা না হলে মেয়র কিন্তু টাফ হয়ে যাবে। তখন কিন্তু হ্যান্ডেল করতে পারবেন না।”

নগর কর্তৃপক্ষের কথা না শুনলে এবং আইন না মেনে ভবনগুলোতে বিভিন্ন সরকারি সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দেন মেয়র।

“যারা আমাদের কথা শুনছেন না, আইন মানছেন না- তাদের এলাকায় ওই বাড়িগুলোতে ওই দোকানগুলোতে ভবিষ্যতে সরকারের সমস্ত ইউটিলিটি কম্বইন্ডলি বন্ধ করে দিতে পারি। সে উদ্যোগ আমি নেব; তখন খুবই মুশকিল হয়ে যাবে।”

তবে নগরবাসীদের অনেকেই বর্তমানে কর্তৃপক্ষকে সহযোগিতা করছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন আনিসুল হক।

“এখন নাগরিকরা সহযোগিতা করছে। পরশুদিন কারওয়ানবাজার থেকে লোকজন এসে লিখিতভাবে বলেছে, তারা স্থানান্তরিত হতে চান। ওয়ান ফোর্থ অব ল্যান্ড আমাদের কাছে এসেছে, এখানে সুন্দর স্বাস্থ্যকর কিছু তৈরি করব।”

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটি যৌথভাবে ‘নাগরিক স্বাস্থ্যরে ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক এই আলোচনার সভার আয়োজন করে।

ঢাকা শহরের ‘সমস্ত জায়গা’ সবুজ করার পরিকল্পনার অংশ হিসেবে দুই বছরে শহরে তিন লাখ ২৫ হাজার গাছ লাগানো হবে বলে জানান উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল।

“সবাই মিলে হাতে হাত মিলিয়ে দুই বছরে ঢাকাকে বদলে দেওয়া যাবে। তিন চার বছরে বলবেন, ঢাকা অনেক সবুজ হয়ে গেছে। এক বছরের মধ্যে বলবেন, ঢাকা অনেক পরিষ্কার হয়ে গেছে।

“তিন মাসের মধ্যে ইনশাল্লাহ দেখবেন, ঢাকা শহরে ময়লা পড়ে নেই,” বলেন তিনি।

ঢাকা শহরের অর্ধেক এপ্রিল থেকে জুনের মধ্যে নিরাপদ করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন ব্যবসায়ী থেকে মেয়র হওয়া আনিসুল।

“ঢাকা শহরের অর্ধেক এপ্রিল জুনের মধ্যে সিকিউরড করে দেব। ঢাকার সমস্ত কিছু নখদর্পনে নিয়ে আসতে পারব। আপনারা দেখবেন, ঢাকাকে সিকিউরড করার যে কথা দিয়েছিলাম …ক্যামেরা লাগানো শুরু হয়েছে।”

ইতোমধ্যে ৭০০ ক্যামেরা লাগানো হয়েছে জানিয়ে আরও ৫০০ ক্যামেরা নগরীর বিভিন্ন স্থানে লাগানোর জন্য চলে এসেছে বলে জানান ঢাকা উত্তরের এই মেয়র।

“শহরে রাস্তা ঘাট তৈরি হচ্ছে। আগামী মাসে উত্তরা গেলে ভাববেন- দেশে আছি, না কি আমেরিকার কোনো প্ল্যানড শহরে আছি। রাস্তা ঘাট তৈরির কারণে কিছু ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে। এক-আধ মাস কষ্ট হবে।”

রাজধানীর অধিকাংশ মার্কেটের দোকানিরা তাদের করপোরেশনের নির্দেশনার পর দোকানের বাইরের অংশে কোনো মালামাল এখন আর রাখছেন না জানিয়ে সন্তুষ্ট হতে দেখা যায় আনিসুল হককে।

মেয়র বলেন, “এনশিওর করতে পেরেছি- দোকান তার নিজস্ব এলাকার এক ইঞ্চি বাইরেও মালামাল রাখছে না। ঢাকার ৮০ ভাগ এলাকায় প্রধান মার্কেটে এটি হচ্ছে।

“নিজে সাতটা জায়গায় রেইড করেছি। আজকে সবাই আমাদের কথা শুনছেন, এটি একটি ইমপ্রুভমেন্ট।”

অনুষ্ঠানে ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিন, বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান কাজী জামিল আজহার, স্থপতি ইকবাল হাবিব, জাতীয় হৃদরোগ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক অধ্যাপক আবদুল মালিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।