হাতেনাতে ছিনতাইকারী ধরলেন ম্যাজিস্ট্রেট
প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনের সামনের সড়ক থেকে এক ছিনতাইকারীকে হাতেহানে ধরেছেন ঢাকা মহানগর হাকিম আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুমন (২৫) নামের ওই ছিনতাইকারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মশিউর রহমান গণভবনের সামনে দিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে দৌঁড়ে পালাতে দেখেন। তখন তিনি গাড়ি থেকে নেমে ধাওয়া করে তাকে ধরে ফেলেন এবং তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করেন।
পরে পুলিশের উপস্থিতিতে ফোনটির মালিক গণভবনের কর্মকর্তা বেলা রানী রায়কে (৪৫) বুঝিয়ে দেন এবং সুমনকে কারাদণ্ড প্রদান করেন।
