দুর্ঘটনায় ইউএনও রাশেদুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় তিনি বলেন, “কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বিসিএস প্রশাসন ক্যাডারের এই মেধাবী কর্মকর্তা গোটা চাকুরি জীবনে অত্যন্ত নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো।”
প্রয়াতের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
মোটরসাইকেলে যাওয়ার সময় মঙ্গলবার বিকেলে ত্রিশাল উপজেলা সদরে বাসচাপায় নিহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। গাজীপুরের ছেলে রাশেদুল ২৭তম বিসিএসের মাধ্যমে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন।
