২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নার্স নিয়োগের শর্ত বদলের দাবিতে শাহবাগে অবরোধ

সিনিয়র স্টাফ নার্স নিয়োগে পিএসসি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা বাতিল করে আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে এই পদে নিয়োগের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছে একদল নার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 02:03 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির (বিজিএনএস) ব্যানারে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।

এ সময় শাহবাগ মোড় হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে চারপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে বেলা দেড়টার দিকে লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, “ওরা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল বন্ধ করে রেখেছিল।

“এখানে দুটি হাসপাতালও আছে। হাসপাতালে রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগের কারণে আমরা তাদের বারবার রাস্তা ছেড়ে যেতে বলেছি। কিন্তু তারা সরেনি।”

ঘটনাস্থল থেকে সাত থেকে আটজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে একটি মামলা হবে।”

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিক্ষোভ মিছিল নিয়ে এসে তারা হঠাৎ রাস্তা বন্ধ করে দেয়।”

অবরোধকারীদের সরানোর পর বেলা পৌনে ২টার দিকে যান চলাচল শুরু হয় বলে জানান তিনি।

বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির (বিজিএনএস) সাধারণ সম্পাদক নাহিদা আক্তার বলেন, ২০০৬ সাল থেকে ২০১৩ সালে সর্বশেষ নিয়োগ পর্যন্ত ব্যাচভিত্তিক নিয়োগ হয়ে আসছে। এজন্য ব্যাচভিত্তিক নিয়োগের ফলে সিনিয়ররা পদোন্নতি পেতেন, জুনিয়ররা আবেদনও করতেন না।

“আমি ২০০৬ সাল থেকে এই পর্যন্ত আবেদন না করে অপেক্ষা করলাম। এখন বলা হচ্ছে, আমার পরীক্ষা নেওয়া হবে। পিএসসির নতুন পদ্ধতিতে আমি বয়সের কারণে শুধু একটি পরীক্ষায় অংশ নিতে পারব।

“তাহলে আমি যোগ্যতা থাকা সত্ত্বেও এতোদিন অপেক্ষা করলাম কেন? আমাদের সঙ্গে ২০০৬ সালে সরকারি নিয়োগপ্রাপ্তরা তো অনেক দূর এগিয়ে গেছে। তখন আমাদের পরীক্ষা নেওয়া হয়নি কেন?”

নাহিদা বলেন, “প্রধানমন্ত্রী ২০১৪ সালে সরকারি পর্যায়ে ১০ হাজার নার্স পদ সৃষ্টির ঘোষণা দিয়েছিলেন। তার সঙ্গে ৩ হাজার ৭২৮টি শূন্য আছে। নতুন পদ সৃষ্টি করে এবং শূন্য পদ মিলিয়ে মোট ১৩ হাজার ৭২৮ পদে দ্রুত নিয়োগ দিতে হবে।”

গত সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সিনিয়র স্টাফ নার্সের ৩ হাজার ৬১৬ পদে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।