তনু হত্যার বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সংস্কৃতিকর্মীদের
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুর হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন সংস্কৃতিকর্মীরা।
মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন,“তনুর হত্যার বিচার শুধু সংস্কৃতিকর্মীদের দাবি নয়, এটা এখন গণমানুষের দাবি। সারাদেশ যেভাবে ফুঁসে উঠেছে খুব দ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার সরকারকে করতে হবে।
“এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শেষ আশ্রয়স্থল। তিনি তার অধীনস্থ কর্মকর্তাদের সুষ্ঠু বিচারের নির্দেশ দিলে খুব দ্রুতই এ হত্যার বিচার হওয়া সম্ভব। তা না হলে দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হতে পারে।”
জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, বাংলাদেশ পথ নাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ সমাবেশে বক্তব্য রাখেন।
নৃত্যশিল্পী মুনমুন আহমেদ বলেন,“তনু আমাদের মেয়ে, আমাদের বোন। নিজেদের মেয়ে কিংবা বোন খুন হলে বুকের মধ্যে যে হু হু অনুভূতি হয়, তনুর হত্যার কারণে আমাদের সকলের মধ্যে সেই অনুভূতি হওয়া উচিত।”
তনুর হত্যার তদন্ত নিয়ে টালবাহানার অভিযোগ তুলে কবি মুহাম্মদ সামাদ বলেন, “হত্যার ঘটনায় যদি কোনো বাহিনীর কেউ জড়িত থাকে, সেটা ওই বাহিনীর কোনো দায় নয়, বরং ওই বাহিনীর সদস্যের ব্যক্তিগত অপরাধ। তাই যেই এই হত্যাকাণ্ডে জড়িত থাকুক, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
আবৃত্তিশিল্পী হাসান আরিফ বলেন, “আমরা হতাশ হচ্ছি। কেননা যখন দেখি জেলা প্রশাসন ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করে। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ না করে আবার ময়নাতদন্তের জন্য লাশ ওঠানোর নির্দেশনা দেওয়া হয়।”
দ্রুত বিচার আইনে তনু হত্যাকাণ্ডের বিচারের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জানান তিনি।
নাট্য নির্দেশক মান্নান হীরা বলেন, “তনু হত্যার সুষ্ঠু বিচারের কোনো ব্যত্যয় সংস্কৃতিকর্মীরা ঘটতে দেবে না। এজন্য আন্দোলন পরিচালনার জন্য সংস্কৃতিকর্মীরা সংস্কৃতিকেই বেছে নেবে।
“রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আন্দোলনকে কেউ যেন হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখা হবে।”
তনুর হত্যার বিচারের সময় তার পরিবারের উপর যেন কোনো নির্যাতন নেমে না আসে সেজন্য পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
গোলাম কুদ্দুছ বলেন, “আবেগের বশবর্তী হয়ে অনেকে তনুর হত্যাকাণ্ডকে একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদারদের নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করছেন। পাক হানাদারেরা যেভাবে গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে তার সঙ্গে এই হত্যাকাণ্ড মেলানো ঠিক হবে না। এটা সকলের বিবেচনায় রাখা উচিত।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে ফের টিএসসিতে ফিরে শেষ হয়।
সমাবেশ থেকে আগামী এপ্রিল সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংস্কৃতিকর্মীদের সমাবেশের কর্মসূচি দেওয়া হয়।
