২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তনুর খুনিদের গ্রেপ্তার চেয়ে তিতুমীর কলেজে মানববন্ধন

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 01:22 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

সোমবার সকালে তনুর পৈশাচিক হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কলেজের মূল ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।

ঘটনার এক সপ্তাহ পার হলেও জড়িতরা কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে কলেজের অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাছের ও শাখা ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম ডলার বক্তব্য রাখেন।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন নাট্যকর্মী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার আলী একটি মামলা করলেও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এক সপ্তাহ পর মামলাটির তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়েছে।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ হচ্ছে। রোববার সকালে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত রোড মার্চ করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ।

সোমবারই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একঘণ্টার ধর্মঘট পালনের ডাক দিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিনোদন জগতের তারকা, ছাত্র-শিক্ষক ও লেখকসহ সব মহল থেকে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি উঠেছে।

</div>  </p>