এপ্রিলে র্যালিক্রস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর
ঢাকায় তৃতীয়বারের মত বসছে গাড়ির গতির প্রতিযোগিতা ‘র্যালিক্রস চ্যাম্পিয়নশিপ’।
আগামী ২ এপ্রিল বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ মোটর স্পোর্টস এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ মোটর স্পোর্টসের সিইও এসএম সারওয়ার জানান, ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ‘১১তম ঢাকা মোটর শো’, ‘২য় ঢাকা বাইক শো’ ও ‘ঢাকা অটো পার্টস শো’ হবে।
“প্রদর্শনীর শেষ দিন একই স্থানে ‘তৃতীয় র্যালিক্রস চ্যাম্পিয়নশিপ-২০১৬’ অনুষ্ঠিত হবে।”
মোট পাঁচটি গ্রুপে প্রতিযোগিতা হবে জানিয়ে সারওয়ার বলেন, ‘ক’ গ্রুপে থাকবে দুই হাজার সিসির ওপরের গাড়ি। ১৬০১ থেকে ১৯৯৯ সিসির গাড়ি থাকবে ‘খ’, ১৩০১ থেকে ১৬শ’ পর্যন্ত থাকবে ‘গ’, এক হাজার থেকে ১৩শ’ পর্যন্ত ‘ঘ’ আর ৬শ’ থেকে ৯৯৯ সিসির গাড়ি ‘ঙ’ শ্রেণিভূক্ত থাকবে।
কর্ণফুলি গ্রুপ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বসুন্ধরা গ্রুপ প্রদর্শনী ও প্রতিযোগিতায় সহযোগিতা করছে বলে সারওয়ার জানান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মোটর স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক আবু নাঈম মোহাম্মদ শরীফ, কর্ণফুলি গ্রুপের প্রতিনিধি শামসুল আলম উপস্থিত ছিলেন।
