২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজার ফ্লাইওভার: পথচারীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ হাই কোর্টের

দুর্ঘটনা এড়াতে নির্মাণাধীন মৌচাক-মগবাজার ফ্লাইওভার এলাকায় ১৫ দিনের মধ্যে পথচারীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 03:02 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়।

গত ১৬ মার্চ ফ্লাইওয়ার থেকে রড পড়ে নিহত ইমনের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। 

স্থানীয় সরকার সচিব, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী, ঢাকার জেলা প্রশাসক, ঢাকার পুলিশ কশিনার, প্রকল্প ব্যবস্থাপক ও ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলামোটর থেকে মগবাজার মোড়ের দিকের যাওয়ার পথে ইমন নিহত হওয়ার কিছুদিন আগে সুপ্রিম কোর্টের এক আইনজীবী গাড়িতে পাথর পড়ে পিছনের কাচ ক্ষতিগ্রস্ত হয়।

এসব দুর্ঘটনার বিষয় তুলে ধরে ফ্লাইওভার এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা ও ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে গত ১৯ মার্চ রিট আবেদন করেন আইনজীবী অমিত দাসগুপ্ত, যা রোববার শুনানির জন্য ওঠে।

আদালতে রিট আবেদনকারী অমিত দাসগুপ্ত নিজেই শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস ও মুনতাসীর মাহমুদ রহমান।

রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সৈকত বসু।      

সমরেন্দ্র নাথ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতে বলেছেন এই আদেশের ফলে ৩০ মার্চ ওই ফ্লাইওভার উদ্বোধন ও নির্মাণ কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা হবে না।”

রিট আবেদনকারী অমিত দাসগুপ্ত জানান, গত ১২ মার্চ ফ্লাইওভার থেকে পাথর পড়ে গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংশ্লিষ্টরা তা মেরামত করে দেয়।

যে গ্যরেজে মেরামত করা হয়েছে, সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী এমন ২০০ গাড়িতে পাথর পড়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় নির্মাণ শ্রমিক ইমন নিহত হয়।

“পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। এসব যুক্তিতে রিটটি করা হয়,” বলেন আইনজীবী অমিত।