স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ
স্বাধীনতা ও জাতীয় দিবস ছাব্বিশে মার্চে রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ঠ ব্যক্তিবর্গের সৌজন্য সাক্ষাতের কর্মসূচি থাকায় বঙ্গভবনের আশপাশের এলাকায় সাধারণ যানচলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী, মন্ত্রিবর্গ, সামরিক ও আধা-সামরিক, দেশি-বিদেশি কূটনৈতিক ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ওইদিন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এজন্য আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চালকদের বেলা ১২টা থেকে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত সড়ক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহন সমূহ প্রবেশ করতে পারবে।
আহাদ বক্স হতে ইত্তেফাক মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। পার্ক রোডের উত্তর মাথা হতে ইত্তেফাক অভিমুখী কোনো প্রকার যানবাহন চলাচল করবেন না।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্থানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেস ক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করতে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখী ও ২৪ তলা হতে রাজউক অভিমুখী বাণিজ্যিক গাড়ি চলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে এ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করা হয়।
