সুপ্রিম কোর্ট বারের ভোট শেষ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়েছে উৎসবের আমেজে।
বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। সমিতির মিলনায়তনে ৪৩টি বুথে ভোট নেওয়া হয়।
বৃহস্পতিবার বিকালে ভোট শেষে নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. হারুনর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ হাজার ২৩ জন ভোটারের মধ্যে মোট তিন হাজার ৯২১ জন ভোট দিয়েছেন।
অর্থাৎ, ২০১৬-২০১৭ মেয়াদে সমিতির নেতৃত্ব নির্বাচনে বারের ৭৮ শতাংশ সদস্যের ভোট বাক্সে পড়েছে।
রাত সাড়ে ১০টায় ভোট গণনা শুরু হয়েছে। ভোর নাগাদ ফল পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সভাপতি, দুই সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুই সহ-সম্পাদক এবং সাতজন সদস্যসহ মোট ১৪টি পদে এই নির্বাচন। ভোট ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মধ্যে দুদিন ধরেই চলছে উৎসবের আবহ।
প্রতিবারের মতো এবারও মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) ও বিএনপি-জামায়াতপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীদের মধ্যে।
সভাপতি পদে সাদা প্যানেল থেকে ইউসুফ হোসেন হুমায়ুন ও নীল প্যানেল থেকে জয়নুল আবেদীন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য; আর জয়নুল আবেদীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও দুজনেরই বাড়ি বরিশাল।
সাদা প্যানেল থেকে আইনজীবী মো. আজাহার উল্লাহ ভুঁইয়া এবং নীল প্যানেলে থেকে আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন সম্পাদক পদে লড়েন। তাদের দুজনেরই বাড়ি নোয়াখালী জেলায়।
বিএনপি-জামায়াত জোট সমর্থকরা গত বেশ কয়েকবছর ধরেই সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে।
গতবার সভাপতি-সম্পাদকসহ মোট নয়টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা জয়ী হন। সাদা প্যানেলের প্রার্থীরা জয় পান পাঁচটি পদে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ১৭৯ ভোটে ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে টানা দ্বিতীয় মেয়াদের মতো সমিতির সভাপতি হন গতবার। আর সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন ৪০৮ ভোটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদিকে হারিয়ে হন সম্পাদক।
সাদা প্যানেলে প্রার্থী যারা
সভাপতি: ইউসুফ হোসেন হুমায়ুন
সম্পাদক: মো. আজাহার উল্লাহ ভুঁইয়া
সহ-সভাপতি: মো. তাহেরুল ইসলাম ও সুরাইয়া বেগম
কোষাধ্যক্ষ: রমজান আলী শিকদার
সহ-সম্পাদক: এ কে এম রবিউল হাসান সুমন ও শেখ সিরাজুল ইসলাম সেরাজ
সদস্য: কুমার দেবুল দে, খান মোহাম্মদ শামীম আজিজ, মো. আব্দুল আজিজ মিয়া মিন্টু, মো.হাবিবুর রহমা হাবিব, এম আশরাফুল ইসলাম, নাসরীন সিদ্দিকা লিনা ও শাহানা পারভীন।
নীল প্যানেলে প্রার্থী যারা
সভাপতি: জয়নুল আবেদীন
সম্পাদক: এ এম মাহবুব উদ্দিন খোকন
সহ-সভাপতি: ফাহিমা নাসরীন মুন্নী ও মো. গোলাম মোস্তফা
কোষাধ্যক্ষ: নাসরীন আকতার
সহ সম্পাদক: মো. শাহিদুজ্জামান ও মো. ইউসুফ আলী
সদস্য: মমতাজ বেগম বিউটি, মো. কামাল হোসেন, মো. নাসির উদ্দিন খান সম্রাট, নাসির উদ্দিন আহমেদ অসীম, নাসরিন ফেরদৌস, রেজাউল করিম রেজা ও এস কে তাহসীন আলী।
