২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় প্রতীকে ভোটের অপেক্ষায় ৭১৭ ইউপি

প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2016, 12:14 AM

Updated : 20 Aug 2022, 12:15 PM

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।   

দেশের সোয়া চার হাজার নির্বাচন উপযোগী ইউপির মধ্যে মঙ্গলবার দেশের ৩৬ জেলার ১০১ উপজেলার ৭১৭টিতে ভোট হবে। সকাল ৮টা থেকে বিকার ৪টা পর্যন্ত একটানা চলবে এই ভোট। নির্বাচনী এলাকায় থাকবে সাধারণ ছুটি।

স্থানীয় সরকারের সবচেয়ে জনপ্রিয় এই নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪টি রাজনৈতিক দল অংশ নিলেও মূলত লড়াই হবে আওয়ামী লীগের নৌকা এবং বিএনপির ধানের শীষে। সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ভোট হবে নির্দলীয় প্রতীকে।

গত ১১ ফেব্রুয়ারি নবম ইউপি ভোটের প্রথম ধাপের তফসিল ঘোষণার পর ৯ জনের প্রাণহানি ও কয়েকশ’ লোক আহত হয়েছে। এ কারণে ভোটের পরিবেশ নিয়ে  উদ্বিগ্ন বিভিন্ন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক মহল।

নির্বাচন আয়োজনে কার্যকর ভূমিকা নিতে ব্যর্থতার অভিযোগ বিএনপির পাশাপাশি আওয়ামী লীগও করেছে। তবে ইসি বরাবরই বলে আসছে, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। যেসব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে তা খতিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ বলেন, “আমরা উদ্বেগে রয়েছি। ভোটারদের মধ্যে শঙ্কা রয়েছে। ইসিকে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।”

গত দুটি ইউপি নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এবার ভোটের আগেই সহিংসতা হয়েছে বেশি। ইসি কার্যকর উদ্যোগ না নিলে ভোটারদের সংশয় দূর হবে না।

নবম এই ইউপি নির্বাচনের প্রথম ধাপে আরও ১১টিতে ২৩ মার্চ ও দুটিতে ২৭ মার্চ ভোট হবে।

১৯৭৩, ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩ ও ২০১১ সালের ইউপি ভোট হয় নির্দলীয়।

এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের বাড়িঘরে হামলা, প্রচারে বাধা ও কারচুপির শঙ্কা জানিয়ে  সিইসির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি প্রতিনিধিদলের সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ক্ষমতাসীন দলের ক্যাডাররা ভোটকেন্দ্র দখল করবে। কমিশন কার্যকর ভূমিকা রাখছে না।

সিইসির সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সাক্ষাতের পর দলটির নেতা মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, নিরপেক্ষতার নামে ইসি তাদের প্রতি খড়গহস্ত হচ্ছে। বিএনপির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও দিয়েছে ক্ষমতাসীন দলটি।

জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টি ইসির ‘নিষ্কিয়’ ভূমিকার সমালোচনাও করেছে।

এ অবস্থায় সোমবার সিইসি কাজী রকিব বলেন, “অবাধ, সুষ্ঠু ভোট করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।”

ভোটে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণ বা দায়িত্বে অবহেলা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

গত ২২ নভেম্বর দলভিত্তিক স্থানীয় সরকার ইউপি নির্বাচন আইনের সংশোধনী পাস হয়। এরপর ১০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত বিধিমালা ও আচরণবিধি জারি করে ইসি। ১১ ফেব্রুয়ারি ছয় ধাপের ভোটের প্রথম দফার তফসিল ঘোষণা করা হয়।

এক নজরে প্রথম ধাপের ভোট তথ্য
>> প্রথম ধাপে ৭৫২ ইউপিতে ভোটের তারিখ ঘোষণা করা হলেও নানা জটিলতায় বাতিল হয়েছে ও পিছিয়ে গেছে ৩৫টির। ২২ মার্চ ৭১৭টির পর ২৩ মার্চ হবে ১১টির ভোট ও ২৭ মার্চ দুটির। বাকি ২২টির ভোট আইনি জটিলতায় তফসিল থেকে বাদ দিয়েছে ইসি।
>> এসব ইউপির ভোটে মোট প্রার্থী সাড়ে ৩৬ হাজার। চেয়ারম্যান প্রার্থী তিন হাজার ৪১ জন, সাধারণ সদস্য প্রার্থী ২৫ হাজার ৯৮৫ জন এবং সংরক্ষিত পদে প্রার্থী সাত হাজার ৬১৭ জন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ৭৩০ জন, বিএনপির ৬১০ জন ও স্বতন্ত্র এক হাজার ২৪৬ জন।
>> ইতোমধ্যে চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য পদে ১৭৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
>> নির্বাচনে ভোটার এক কোটি ১৯ লাখ ৪০ হাজার ৭৪১ জন। পুরুষ ভোটার ৫৯ লাখ ৯৫ হাজার ২৬৯ জন এবং নারী ৫৯ লাখ ৪২ হাজার ৬৯৪ জন। ছয় হাজার ৯৮৭টি ভোটকেন্দ্র; ভোটকক্ষ ৩৮ হাজারের বেশি। ভোটগ্রহণ কর্মকর্তা প্রায় এক লাখ ২১ হাজার ২০০ জন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এক লাখ ৮০ হাজারের বেশি।

পুরনো খবর:

ইউপিতে সহিংসতায় দায় এড়াতে চাইছেন সিইসি রকিব
ইউপি ভোট: ইসির কথায় ‘আশ্বস্ত’ নয় বিএনপি