২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলবোর্ড অপসারণে ডিএনসিসির ‘সতর্ক বার্তা’

অনুমোদনহীন বিলবোর্ড ও দেয়াল লিখন অপসারণে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে ফের সতর্ক করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 11:19 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

সোমবার ডিএনসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ মার্চের মধ্যে সব ব্যবসা প্রতিষ্ঠানকে অনুমোদিত আকারের সাইনবোর্ড ব্যবহার ও নিজ উদ্যোগে সব ছবি/দেয়াল লিখন মুছে ফেলার অনুরোধ করা হলো।

অন্যথায় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ির মালিক ও বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে মামলা, পণ্যের বিজ্ঞাপন বন্ধের পদক্ষেপ এমনকি গ্যাস, বিদ্যুৎ, পানিসহ বিভিন্ন ইউটিলিটি সার্ভিস বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে চলতি মাসের শুরুতে ঢাকার গুলশান ক্লাবে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বিলবোর্ড অপসারণে এক মাসের সময় বেঁধে দেন মেয়র আনিসুল হক।

সিটি করপোরেশনের নির্দেশনা মেনে অধিকাংশ প্রতিষ্ঠান নিয়মবহির্ভূত বিলবোর্ড অপসারণ ও দেয়াল লিখন মুছলেও কিছু ব্যবসা প্রতিষ্ঠান এখনও নির্দেশনা মানেনি বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

অনুমোদিত আকারের সাইনবোর্ডের চেয়ে বড় আকারের সাইনবোর্ড ব্যবহার অথবা বাড়ি/ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল ও সীমানা প্রচীর, শপিং সেন্টার এবং ফ্লাইওভারে ছবি/লিখনের মাধ্যমে প্রচার-প্রচারণা আইনত দণ্ডনীয় অপরাধ।

এসব অপরাধে ইতোমধ্যে ৪২টি বাড়ির মালিক ও এজেন্সির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

স্যামসাং, শাহ সিমেন্ট, আকিজ সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, পূর্বাচল সিটি প্রকল্প ইত্যাদি অবৈধভাবে সাইনবোর্ড ব্যবহার করায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় সিটি কর্তৃপক্ষ।