মান্নাকে কেন জামিন নয়, হাই কোর্টের রুল
রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গুলশান থানার দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কেন জামিন পাবেন না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।
তার জামিন আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই রুল দেয়।
আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
তিন সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে বশির উল্লাহ জানান।
নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিআলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গত বছরের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় মান্নার বিরুদ্ধে মামলা দুটি হয়।
এই দুই মামলায় ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হয়।
মান্না এরপর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাই কোর্টে জামিনের এই আবেদন করেন, যা রোববার শুনানির জন্য ওঠে।
