বিটিভি নিয়ে ‘কৈফিয়ত’ মহাপরিচালকের
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ‘তার মানে’ পৌঁছাতে পারেনি বলে মনে করেন সরকারি গণমাধ্যমটির নতুন মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ।
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক সেমিনারে তিনি বলেন, “বিটিভি নিয়ে আমি একটি কৈফিয়ত দিতে চাই, সেটি হচ্ছে- বিটিভি তার মানে পৌঁছতে পারেনি। অনুষ্ঠান নির্মাণে যে মান বজায় রাখা উচিৎ সেজন্য আমরা চেষ্টা করছি।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বিটিভির মান উন্নয়নে নিজের চেষ্টার কথা জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে নতুন মহাপরিচালক হারুন বলেন, “আমি দায়িত্ব নিয়েছি ১৯ দিন হল। তবে আমি চেষ্টা করছি। সেজন্য আপনাদের সকলের অংশগ্রহণ ও সমর্থন প্রয়োজন।”
ছাত্র জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষার্থী ছিলাম, তখন বিটিভির ডিজি বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে যাবেন, তা ছিল অকল্পনীয়। কারণ স্বৈরাচারের রক্ষকদের কারও জন্য ঢাকা বিশ্বিবদ্যালয়, তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল।
“তবে সময় বদলে গেছে। জনগণের ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়ন, গণতান্ত্রিক পরিবেশের কারণেই আজ সম্পর্কও বদলে গেছে। কেবল গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজ এ বিশ্ববিদ্যালয়ে বিটিভির মহাপরিচালক হয়েও আমি আসতে পেরেছি।”
বিটিভি মহাপরিচালক এসময় শিক্ষার্থীদের গণমাধ্যমের মাধ্যমে মানুষকে স্বপ্ন দেখানোর আহ্বান জানিয়ে বলেন, “আর সেই স্বপ্নের দিগন্ত হবে অসীম।”
সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় ব্যাচের বিদায় ও অষ্টম ব্যাচের বরণ উপলক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক হেলেনা ফেরদৌসী।
সেমিনারে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আনওয়ারুস সালাম।
২০১৪ সালের এপ্রিল ২ বিটিভির মহাপরিচালক পদে ম. হামিদের মেয়াদ শেষ হয়। এরপর তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান গত ১৬ জানুয়ারি পর্যন্ত মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
পর দিন থেকে ওই দায়িত্ব পালন করছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদ। গত ৪ ফেব্রুয়ারি তাকেই প্রতিষ্ঠানটির শীর্ষ পদে নিয়োগ দেয় সরকার।
একইদিন বাংলাদেশ বেতারের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম নেছার উদ্দিন ভুইয়াকে।
