২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গার পাড়ে গৃহকর্মীর লাশ

ঢাকার হাজারীবাগ থানা এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 03:05 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

স্বপ্না আক্তার (১৮) নামে ওই গৃহকর্মী লালমাটিয়ার একটি মেসে কাজ করতেন বলে হাজারীবাগ থানার এসআই আবুল হোসেন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১০টার দিকে হাজারীবাগের হাজী মকবুল হোসেনের বাগানবাড়ি সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীর থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

সেখানে দুটি মোবাইল ফোন, একটি গামছা ও একটি ওড়নাসহ বেশ কিছু জিনিস পাওয়া গেছে বলে জানান তিনি।

হালকা গোলাপি রঙের সালোয়ার-কামিজ পরিহিত ওই তরুণীর কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলে এসআই আবুল জানান।

“তাকে ইট দিয়ে আঘাত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।”

ঘটনাস্থল থেকে উদ্ধার করা মোবাইলে সংরক্ষিত নম্বরে ফোন করে তার পরিচয় জানা যায় বলে জানান তিনি।

“কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য লাশ রোববার সকালে স্যার সলিমুল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।