‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ্যপুস্তকে চায় বিএফইউজে-ডিইউজে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সংগঠন দুটির নেতারা এই দাবি জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী তাদের দাবিতে সমর্থন জানিয়ে বলেন, “বঙ্গবন্ধুকে ভালো করে চিনতে ও জানতে হলে তার জীবনীর ওপর লিখিত এই বইটি পড়তে হবে। সেজন্য আত্মজীবনীটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার।”
বিএফইউজের সাবেক এই সভাপতি বলেন, “কিছু কুলাঙ্গার ছাড়া সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বালোবাসে। স্বাধীন বাংলাদেশ ও বঙ্গবন্ধুর নামটি এক ও অভিন্ন সূত্রে গাঁথা। বাংলাদেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধুকে ভালোবাসতেই হবে।”
তিনি বলেন, “বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন। তিনি সারা জীবন মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলন-সংগ্রাম করে গেছেন। তাই মানুষও তাকে হিমালয়সম উচ্চতার শ্রদ্ধার আসনে বসিয়েছেন।”
ডিইউজের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় সভায় বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়া, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি তরুণ তপন চক্রবর্তী, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, ডিইউজের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মজিদ, ডিইউজের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিঞা, জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, কার্যনির্বাহী সদস্য লিটন হায়দার, এ এম শাহজাহান মিয়া, সাবেক প্রচার সম্পাদক রফিক আহমেদ, সিনিয়র সদস্য মৃনাল চক্রবর্তী, আজমল হক হেলাল ও প্রণব কুমার মজুমদার বক্তব্য দেন।
