তামাক পণ্যে আইন মেনে ‘ছবিযুক্ত সতর্কবাণী’র দাবি
তামাক পণ্যের মোড়কে আইন মেনে ছবিযুক্ত সতর্কবার্তার দাবিতে সম্মিলিতভাবে মানববন্ধন করেছে তামাকবিরোধী বিভিন্ন সংগঠন।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে তামাকবিরোধী ১২টি সংগঠন।
মানববন্ধন থেকে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব ধরনের তামাকজাত দ্রব্যের মোড়ক বা প্যাকেটে আইন মেনে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী সরকার নির্ধারিত সময়সীমা আগামী ১৯ মার্চ থেকে বাস্তবায়নের দাবি জানানো হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, এসিডি, ইপসা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিউবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, এইড ফাউন্ডেশন ও প্রজ্ঞা-এই ১২টি সংগঠন এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনের পর গবেষণা সংস্থা প্রজ্ঞার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তামাকের ব্যবহার নিরুৎসাহিতকরণে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণীর গুরুত্ব সারাবিশ্বে স্বীকৃত। গবেষণায় দেখা গেছে দৈনিক এক প্যাকেট সিগারেট ব্যবহারকারী একজন ধূমপায়ী সিগারেট কেনা ও ব্যবহার করার সময় দিনে কমপক্ষে ২০ বার, বছরে সাত হাজার বার সিগারেটের প্যাকেটে ছাপানো ছবি দেখে থাকে।
অর্থাৎ এটি এমন একটি কার্যকর এবং সরকারের জন্য সাশ্রয়ী পন্থা যা তামাক ব্যবহারের সময় প্রতিবারই ব্যবহারকারীকে তামাকের ক্ষতি সম্পর্কিত বার্তা প্রদান করতে থাকে।
দেশের মোট জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ লেখাপড়া না জানায় বাংলাদেশে এই উদ্যোগটির গুরুত্ব অনেক বেশি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে আরও বলা হয়, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩ ও বিধিমালা ২০১৫ এর ১০ নম্বর ধারা অনুযায়ী আগামী ১৯ মার্চ ২০১৬ তারিখ থেকে দেশের সব তামাকজাত দ্রব্যের প্যাকেট, মোড়ক, কার্টন বা কৌটার উভয় পার্শ্বে মূল প্রদর্শনী তলের উপরিভাগে অন্যূন শতকরা পঞ্চাশ ভাগ পরিমাণ স্থান জুড়ে তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে সৃষ্ট ক্ষতি সম্পর্কিত রঙ্গিন ছবি ও লেখা সম্বলিত স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ করা বাধ্যতামূলক।
আইন অনুযায়ী, ধূমপানে ব্যবহার করা তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে সাতটি ও ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে দুটিসহ মোট নয়টি সতর্কবাণী মুদ্রণ করতে হবে।
আইনের এই ধারা লঙ্ঘন করলে অনূর্ধ্ব ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই অপরাধ করা হলে পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণহারে দণ্ডিত হবেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা. সোহেল রেজা চৌধুরী, প্রজ্ঞা’র এবিএম জুবায়ের, উবিনীগ এর সীমা দাস সীমু, নাটাব এর একেএম খলিলুল্লাহ, দ্য ইউনিয়ন এর সৈয়দ মাহাবুবুল হক, ঢাকা আহ্ছানিয়া মিশন এর মো. মোখলেছুর রহমান, ইসি বাংলাদেশ এর মাহবুব আলম, বিইউকেএস এর হাসেনুর রহমান, এএসপিএস এর জাহিদুল ইসলাম, ডব্লিউবিবি ট্রাস্ট এর শুভ কর্মকার প্রত্যাশা'র হেলাল আহমেদ এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডস এর ডা. মাহফুজুর রহমান ভূইয়া মানববন্ধনে বক্তব্য রাখেন।
এর আগে ১৪ মার্চ থেকে রাজধানীতে তিন দিনব্যাপী রোডশো’র আয়োজন করা হয়, যেখানে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণীর নমুনা সম্বলিত চারটি ট্রাক মিউজিক্যাল কনসার্টসহ ঢাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
