মামলা জট কমাতে শূন্য পদে বিচারক নিয়োগের তাগিদ রাষ্ট্রপতির
মামলা জট কমাতে নির্ধারিত সময়ে শূন্য পদে বিচারক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে কমিশনের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল তাদের ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করতে বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি তৃণমূল পর্যায়ে ভূমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কার্যক্রম সম্প্রসারণের ওপরও গুরুত্ব আরোপ করেন।”
এছাড়া যোগ্য প্রার্থীরা যাতে বিচারক হিসেবে নিয়োগ পেতে পারে তা নিশ্চিত করতে রাষ্ট্রপতি পরামর্শ দেন বলেও জানান প্রেস সচিব।
প্রতিনিধি দল এসময় রাষ্ট্রপতিকে কমিশনের ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করে।
প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল কমিশনের সার্বিক কার্যক্রম বিশেষ করে সহকারী জজ নিয়োগ, বিভাগীয় পরীক্ষা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। নিয়োগ পরীক্ষার পাঠ্যক্রম হালনাগাদ করা হয়েছে বলেও জানান তারা।”
জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতিনিধি দল এসময় বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অবকাঠামো সম্প্রসারণে রাষ্ট্রপতির সহযোগিতা চান।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে অ্যটর্নি জেনারেল মাহবুবে আলম, জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উপস্থিত ছিলেন।
